বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেটি হোকুল তাঁর দ্বিতীয় পূর্ণ মেয়াদের নির্বাচনী লড়াইয়ে রানিং মেট হিসেবে সাবেক নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামসকে মনোনীত করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে হোকুল তাঁর নির্বাচনী টিকিটে আঞ্চলিক ভারসাম্য আনলেন। ৬৫ বছর বয়সী অ্যাড্রিয়েন অ্যাডামস গত ডিসেম্বর মাসে চার বছর দায়িত্ব পালনের পর সিটি কাউন্সিল স্পিকারের পদ ছাড়েন।

হোকুল ও অ্যাডামস-দুজনই রাজনৈতিকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত। তবে অ্যাডামসের অন্তর্ভুক্তি বিশেষভাবে নিউইয়র্ক সিটির দক্ষিণ-পূর্ব কুইন্স এলাকার ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে হোকুলের অবস্থান আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। গভর্নর হোকুল ৪ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি অ্যাড্রিয়েন অ্যাডামসকে “একজন যোদ্ধা” হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম। এই প্রথমবারের মতো নিউইয়র্ক অঙ্গরাজ্যে কোনো প্রধান রাজনৈতিক দলের টিকিটে গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর-উভয় পদে দুই নারী প্রার্থী একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এক বিবৃতিতে হোকুল বলেন, “অ্যাড্রিয়েন জানেন কঠোর পরিশ্রমের অর্থ কী এবং যারা সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন অনুভব করে, তাদের পাশে কীভাবে দাঁড়াতে হয়। নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে তিনি পরিবার সুরক্ষা, আবাসনকে আরও সাশ্রয়ী করা, শিশুদের জন্য বিনিয়োগ এবং শহরের ক্ষতি করতে চায়,এমন যে কারও বিরুদ্ধে দাঁড়ানোর নেতৃত্ব দিয়েছেন।” অ্যাড্রিয়েন অ্যাডামস তাঁর মনোনয়নে সম্মানিত বোধ করছেন বলে জানান।

এই ঘোষণার মধ্য দিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হলো। এর আগে হোকুল নিউইয়র্ক সিটির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক নেতাকে সম্ভাব্য রানিং মেট হিসেবে বিবেচনা করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, নির্বাচিত হলে অ্যাড্রিয়েন অ্যাডামস হবেন গভর্নর হোকুলের তৃতীয় লেফটেন্যান্ট গভর্নর। এর আগে ব্রায়ান বেঞ্জামিন ঘুষের মামলায় গ্রেপ্তার হওয়ার পর পদত্যাগ করেন, যদিও পরবর্তীতে মামলার প্রধান সাক্ষীর মৃত্যুর কারণে অভিযোগ প্রত্যাহার করা হয়। ২০২২ সালে হোকুল সাবেক কংগ্রেস সদস্য অ্যান্টোনিও ডেলগাডোকে রানিং মেট হিসেবে মনোনীত করেছিলেন। তবে গত বছর তিনি গভর্নরের সঙ্গে মতবিরোধে জড়ান এবং বর্তমানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হোকুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেলগাডো বুধবার ঘোষণা দেন, বাফেলোর নার্স ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত ইন্ডিয়া ওয়ালটন তাঁর রানিং মেট হবেন। ওয়ালটন ২০২১ সালে বাফেলোর মেয়র নির্বাচনে ব্যর্থ হয়েছিলেন। ডেলগাডো-ওয়ালটন জুটি আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সিরাকিউজে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক পার্টি কনভেনশনে সমর্থন আদায়ের চেষ্টা করবে। ডেলগাডো বলেন, “আমি সবচেয়ে বেশি যে বিষয়টি প্রশংসা করি, তা হলো তাঁর আবেগ ও লড়াকু মনোভাব। তিনি একটি স্বপ্ন ও নৈতিক উদ্দেশ্য দ্বারা পরিচালিত।”

Posted ১২:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.