বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে এবার এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে-প্রবাসী বাংলাদেশিরা আর কেবল ভোটার বা সমর্থকের ভূমিকায় সীমাবদ্ধ নেই, বরং সরাসরি ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে দৃঢ়ভাবে এগিয়ে আসছেন। আসন্ন স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে একাধিক আসনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ সেই পরিবর্তনেরই জোরালো প্রতিফলন, যা রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
প্রার্থীদের মধ্যে রয়েছেন শামসুল হক (ডিস্ট্রিক্ট ৩০), মাহতাব খান (ডিস্ট্রিক্ট ২৪), মেরি জোবাইদা (ডিস্ট্রিক্ট ৩৬), পিয়া রহমান (ডিস্ট্রিক্ট ৩৭), জাকির চৌধুরী (ডিস্ট্রিক্ট ৮৭) এবং জে মোল্লা সানি (ডিস্ট্রিক্ট ৩২)। তারা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ কার্যক্রম শুরু করেছেন।
প্রাইমারি নির্বাচনের পিটিশন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল। মাহতাব খান ছাড়া অধিকাংশ প্রার্থী পিটিশন জমা দিয়েছেন। বিশেষ করে মেরি জোবাইদা রমজান মাসে প্রায় ২০০০ স্বাক্ষর সংগ্রহ করে দৃষ্টি আকর্ষণ করেছেন। পিটিশন যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে প্রার্থীদের নাম ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে।
আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।বিশ্লেষকদের মতে, এই অংশগ্রহণ প্রমাণ করছেÑনিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি এখন শুধু ভোটার নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়েও নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh