বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐক্য, পরিচয় ও শক্ত অবস্থানকে আরও দৃশ্যমান করতে আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘বাংলাদেশ ডে প্যারেড’। জ্যাকসন হাইটসকে কেন্দ্র করে আয়োজিত এ বৃহৎ অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে প্রবাসে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির সম্প্রীতির এক অনন্য প্রদর্শনী ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ আয়োজন ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে রবিবার। বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে শতাধিক সংগঠনের অংশগ্রহণে এ প্যারেড আয়োজন করা হচ্ছে।গত ২ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ‘সানাই পার্টি সেন্টার’-এ আয়োজিত এক সুধী সমাবেশে প্যারেড কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।আয়োজকরা জানান, ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত প্যারেডটি অনুষ্ঠিত হবে। এতে বাঙালি সংস্কৃতির নানা ঐতিহ্যবাহী উপাদান নিয়ে সাজানো আকর্ষণীয় ফ্লোট প্রদর্শিত হবে। পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা। নিরাপত্তার বিষয়ে ফাহাদ সোলায়মান জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত সহস্রাধিক বাংলাদেশি-আমেরিকান অফিসার প্যারেডের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে প্যারেড কমিটির সদস্য-সচিব ফাহাদ সোলায়মান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সূচনা বক্তব্যে অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, ইতিমধ্যেই ১২০টি সংগঠন রেজিস্ট্রেশন করেছে ব্যানার-ফেস্টুনসহ অংশ গ্রহণের জন্যে। আরো অনেকে রেজিস্ট্রেশনের অপেক্ষায় রয়েছেন। আর এভাবেই আমরা আশা করছি যে, এবারের প্যারেড প্রবাসীদের জমকালো একটি অনুষ্ঠানে পরিণত হবে এবং তার মধ্য দিয়ে বহুজাতিক সমাজে বাংলাদেশিদের অবস্থান আরো সুসংহত হবে-এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।
প্যারেড কমিটির কনভেনর গিয়াস আহমেদ জানান, প্যারেডে নির্বাচিত জনপ্রতিনিধিরাও থাকবেন বলে আশা করছি। এ সময় প্যারেডের অন্যতম গ্র্যান্ড মার্শাল এম আজিজ, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, চিফ ইভেন্ড কো-অর্ডিনেটর ফেমড রকি, ম্যানেজিং ইভেন্ট পার্টনার ফয়সাল আজিজ, ডায়মন্ড স্পন্সর ‘এ্যাম্পায়ার কেয়ার এজেন্সি’র সিইও নুরুল আজিম এবং ডিজিটাল ট্র্যাভেলস-এস্টোরিয়ার প্রেসিডেন্ট ও সিইও নজরুল ইসলাম, ইভেন্ড ডে প্রেসিডেন্ট রাশেক মালিক, চিফ ম্যানেজিং ডাইরেক্টর মিয়া মোহাম্মদ দুলাল, উপদেষ্টা নাসির খান পল, আবুল ফজল দিদারুল ইসলাম, ফখরুল আলম, জেড আলম নমী, মঈনুজ্জামান চৌধুরী, আলাউদ্দিন ভুলু, শাকিল মিয়া, প্যারেডের থিম সং-এর গীতিকার হুমায়ূন কবীর ঢালিসহ অনেকেই মঞ্চে ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে ৩ লাখের অধিক বাংলাদেশি রয়েছেন। প্রায় ৩০ হাজার সদস্যের প্রতিনিধিত্বকারি ‘বাংলাদেশ সোসাইটি’র কর্মকর্তারা বেশ কয়েকবার অঙ্গিকার করেছিলেন বিপুল অংশগ্রহণে একটি প্যারেড আয়োজনের।
কিন্তু আজ পর্যন্ত তারা সেই অনুমতি সংগ্রহে সক্ষম হননি। এছাড়া এখন পর্যন্ত ম্যানহাটনে একটি প্যারেড করার অনুমতি সংগ্রহ করা সম্ভব হয়নি কমিউনিটির কোনো পর্যায় থেকে। এমনি একটি পরিস্থিতির মধ্যে আমেরিকায় দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্কের এই জ্যাকসন হাইটসের প্যারেডকে স্মরণীয়-বরণীয় করতে আয়োজকরা চেষ্টা চালাচ্ছেন বলে সুধী সমাবেশে জানানো হয়।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh