নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নিউইয়র্কে আসন্ন বাংলাদেশ ডে প্যারেডকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য এই বর্ণিল আয়োজনে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে জোর প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। গত ২০ এপ্রিল প্যারেড আয়োজন কমিটির চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরীর কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্যারেডকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৭ মে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে প্যারেড অনুষ্ঠিত হবে। প্যারেডের যৌথ আয়োজক জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, এবারের প্যারেডের অগ্রভাগে থাকবেন বীর মুক্তিযোদ্ধারা-যা মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান জানানোর একটি প্রতীকী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি আগে এসে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সামনের সারিতে স্থান দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
আয়োজকরা জানান, প্যারেডে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, কমিউনিটি সংগঠন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, আগের ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহৎ পরিসরে এবং অধিক অংশগ্রহণের মাধ্যমে প্যারেডটি অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের রাজপথে লাল-সবুজের জোয়ার তোলাই এবারের মূল লক্ষ্য।সভায় আরও উপস্থিত ছিলেন প্যারেড কমিটির সদস্য সচিব ফাহাদ সোলায়মান, কো-চেয়ার ও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন প্রিন্স আলম, সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারোয়ার জনি, ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি এবং গ্র্যান্ড মার্শাল মো. আজিজ।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh