বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অভ্যুথানের মুখে পালিয়ে ভারতে অবস্থান করছেন আর সেখান থেকেই দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। দেশকে রসাতলে নিয়ে গিয়েছিল এই স্বৈরাচার সরকার। সোমবার ঢাকার ধামরাইয়ে বিএনপির সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও ছাত্র-জনতার নেতৃত্বে আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা আগামীতে একটা সুন্দর নির্বাচন চাই। ১৫ বছর হাসিনা সরকার আমাদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে পৃথিবীর ইতিহাসে একটি গণতান্ত্রিক দলের উপর এত নির্যাতন করেছে বলে নজির নাই। থানায় নিয়ে গুলি করে মেরেছে, পঙ্গু করে ফেলেছে। রাস্তা, বাড়ি, কলকারখানায় চাকরি করত তাদের তুলে নিয়ে গেছে। গুম হত্যায় মেতেছিল জালিম সরকার। জুলুম থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও বাদ দেননি। ৬ বছর জেলহাজতে, এমনকি বাড়িতে রেখেও নির্যাতন করেছে। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে বের করেছিল। এখন তাকে দেশ ছাড়া হতে হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, তারেক জিয়ার নামে ৮৬টি মামলা দিয়েছিল। আমার এখনো আদালতে হাজিরা দিতে হয়। আমরা কি ত্যাগ স্বীকার করেছি তা বুঝতে হবে। বারবার বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এমনকি আলেম ওলামাদেরও নির্যাতন করতে কুণ্ঠিত হয়নি। শাপলা চত্বরের কথা ভুলে যায়নি দেশবাসী। একটি মাত্র দল আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে। ভোটের অধিকার ছিল না। নির্বাচনের নামে প্রহসন করেছে।
তিনি আরও বলেন, একদিন ফেসবুকে দেখেছি তিনি (শেখ হাসিনা) বলছেন ৩২ নম্বরের বাড়িটি কেন ভাঙা হলো? আমার কি অপরাধ? তিনি এখনো জানেন না তার কি অপরাধ। দেশটাকে বিক্রি করে ফেলেছে। সে দিন সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতাকর্মীদের রেখে তিনি দেশ ফেলে পালিয়ে গেছেন। আমাদের নেত্রী তো দেশ থেকে পালায়নি।
Posted ৯:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh