বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মুনা’র মিডিয়া ও সাহিত্য কর্মশালা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মুনা’র মিডিয়া ও সাহিত্য কর্মশালা

মুনা’র মিডিয়া ও সাহিত্য কর্মশালায় অংশগ্রহণকারীদের একাংশ।

বিশ্বে গণমাধ্যম প্রতিনিয়ত পরিবর্তনশীল। গণমাধ্যমে নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখতে হলে প্রত্যেককে জীবনভর শিক্ষার্থী হয়ে থাকতে হবে। সৃজনশীলতা এবং সত্যের প্রতি নিষ্ঠাই হবে একজন গণমাধ্যম কর্মীর মূলশক্তি। গত ১০ মে মুনা নিউইয়র্ক নর্থ জোন মিডিয়া ও কালচারাল বিভাগের কর্মশালায় এসব কথা বলেন এমসিটিভি ইউএস’র সিইও ও প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক। মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয় কুরআন একাডেমী ফর ইয়ং স্কলার (কাফিস) জ্যামাইকা শাখার মিলনায়তনে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুনা ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর (মিডিয়া ও কালচারাল) আনিসুর রহমান গাজী। মূল প্রবন্ধ পেশ করেন এমসিটিভি ইউএস’র প্রেসিডেন্ট ও সিইও প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক। বিষয় ভিত্তিক আলোচনা করেন, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেইন মঞ্জু, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা: ওয়াজেদ এ খান, নাহারের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: আতাউল হক ওসমানী। অনুষ্ঠান পরিচালনা করেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আবুল হাশেম।

কাজী শামসুল হক গণমাধ্যম কি? এর শ্রেণি বিভাগ, প্রধান কার্যাবলী, অর্থনৈতিক দিক, বর্তমান বিশ্বে মিডিয়ার প্রভাব ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মিডিয়া এখন আর শুধু খবর দেওয়ার মাধ্যম নয়, এটি মানুষের চিন্তাচেতনা, সংস্কৃতি এবং বিশ্বরাজনীতি নিয়ন্ত্রণের এক শক্তিশালী হাতিয়ার। প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে এর রূপ পাল্টালেও এর মূল লক্ষ্য হওয়া উচিত সত্যের প্রকাশ ও জনকল্যাণ। তিনি বলেন, মিডিয়া জগত প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই এখানে টিকে থাকতে হলে সবাইকে ‘লাইফ লং লার্নার’ বা জীবনভর শিক্ষার্থী হতে হবে। সৃজনশীলতা এবং সত্যের প্রতি নিষ্ঠাই হবে মিডিয়াকর্মীর মূলশক্তি।

আনোয়ার হোসেইন মঞ্জু বলেন, কৃষ্টি বা সংস্কৃতির মূলেই সাহিত্য। সাহিত্যকে অবলম্বন করেই সাধারণত সংস্কৃতির নানা শাখা-প্রশাখা। সংগীত, নাটক, অভিনয়, চিত্র শিল্প, এমনি সংস্কৃতির আরো যত রকম রূপ আছে সব কিছুর মূল উৎস ও প্রেরণা সাহিত্য। মানুষের চেহারার মত প্রতিটি মানুষের মনের স্বরূপও স্বতন্ত্র। যে কোনো মানুষের ব্যক্তিত্ব ও চরিত্রে প্রতিফলিত হয় মনের গতি-প্রকৃতি। প্রতিভা ও ভাষার প্রাঞ্জলতার লক্ষ্যে প্রচুর পরিমান সাহিত্য পড়তে হয়। তিনি বলেন, আমাদের জাতীয় চরিত্র ও প্রতিভা এখনো সেভাবে আমাদের সাহিত্য-শিল্পের বিভিন্ন শাখা-প্রশাখায় তেমন প্রতিফলিত হয় নি, ফুটে ওঠে নি। তাই আমাদের শিল্পী, সাহিত্যিক ও সব শ্রেণীর সংস্কৃতি-সেবীদের এ বিষয়ে সচেতন হতে হবে এবং আরো একনিষ্ঠভাবে কঠোর সাধনায় করতে হবে।

ডা: ওয়াজেদ এ খান বলেন, কমিউনিটি সাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে সিরিয়াস কনটেন্টের ব্যাপারে পাঠকদের আগ্রহ কমে যাচ্ছে। স্থান-কাল পাত্রভেদে পাঠকদের পরিবর্তনশীল চাহিদা পুরণে একজন সাংবাদিক বিশাল ভূমিকা রাখতে পারে। বিবেকনির্ভর সাংবাদিকতাই সময়ের দাবী।

একজন সংবাদকর্মী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আলোকবর্তিকা হয়ে উঠুক এই প্রত্যাশা করছি। ডা: আতাউল হক ওসমানী সুরা লোকমানের ৬-আয়াত উল্লেখ করে বলেন, মানুষের চিত্তবিনোদনের জন্য এমন কোন ব্যবস্থা গ্রহণ জায়েয নয়, যা মানুষকে তাদের দীনী দায়িত্ব পালন থেকে গাফেল করে তোলে। খেলাধুলা ও বিনোদনমূলক কাজ কেবল এমনটাই জায়েয, যাতে দেহ-মনের কোন ব্যায়াম হয়, ক্লান্তি দূর হয়, যা দ্বারা কারও কোন ক্ষতি হয় না এবং যার ফলে মানুষ তার দীনী দায়িত্ব পালন থেকে উদাসীন হয়ে পড়ে না।

স্বাগত বক্তব্যে আনিসুর রহমান গাজী বলেন, গণমাধ্যম হলো জাতীয় জীবনের আয়না। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও স্বাধীন সংবাদ প্রকাশ এবং পরিবেশন করা ইবাদত। কারও আজ্ঞাবহ বা পক্ষ নিয়ে অসত্য ও অন্যায় সংবাদ প্রকাশ করা নিন্দনীয় এবং গুনাহের কাজ। তিনি বলেন, ইসলামে মতপ্রকাশের স্বাধীনতা আছে। তবে মতপ্রকাশ করতে গিয়ে জনগণ, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করা যাবে না। কারও সম্মানে আঘাত হানা যাবে না।

সভাপতির বক্তব্যে মমিনুল ইসলাম মজুমদার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সুস্থ গঠনমূলক সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সুশৃঙ্খল, সুন্দর এবং নৈতিকতার মানে উত্তীর্ণ সমাজ গতে তোলা সম্ভব। ইসলাম এক অনুপম আদর্শ সংস্কৃতি দান করেছে। তাওহীদি ঈমান এর উজ্জীবনী শক্তি। আত্মিক ও নৈতিক পবিত্রতা এর প্রাণ। ইসলামি সংস্কৃতির এই অন্তর্গত সৌন্দর্যই তার ব্যবহারিক ও বাহ্যিক সৌন্দর্যের প্রবর্তক। কর্মশালার শুরুতে কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন কবি ও সাহিত্যিক নাসির উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত সবাই পরস্পর পরিচিত হন এবং স্বরচিত কবিতা ও ইসলামী গান পরিবেশন করেন।

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.