বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
পার্কে জমা তুষারের স্তরের ওপর স্লেডিং করে এক শিশু। ছবি : এএফপি
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় স্থানীয় সময় সোমবার শক্তিশালী তুষারঝড় আঘাত হানে। এর ফলে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। কয়েক লাখ মানুষের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, বাতিল হয়েছে ৫ হাজারের বেশি ফ্লাইট। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি তুষারপাত হয়েছে। নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে তুষারপাতের পরিমাণ ছিল ১৯ ইঞ্চির বেশি।
নিউইয়র্কের একটি সরকারি সংস্থা সতর্ক করে বলেছে, যাতায়াত ব্যবস্থা প্রায় অনুপযোগী হয়ে গেছে। পূর্ব উপকূলের অন্তত ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন। নিউ জার্সি ও ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নর্থ ক্যারোলিনা থেকে শুরু করে নর্দান মেইন পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। কিছু সতর্কতার পরিসর উত্তরে পূর্ব কানাডার কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। এনডব্লিউএস সোমবার সারাদিন তুষারপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়। উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল নাগাদ মোট ১ থেকে ২ ফুট তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডে এই ঝড়ে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি রাজ্যটির ইতিহাসে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ তুষারঝড়। অঙ্গরাজ্যটির রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে সেখানে রেকর্ড তুষার জমেছিল ২৮.৬ ইঞ্চি পর্যন্ত।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh