বাংলাদেশ রিপোর্ট : | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
কারিশমা মনজুর
আসন্ন যুক্তরাষ্ট্র সিনেট নির্বাচনে প্রার্থী কারিশমা মনজুরের সমর্থনে ব্রংকসে এক ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। নিউ হ্যাম্পশেয়ার অঙ্গরাজ্য থেকে সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বাংলাদেশি-আমেরিকান কারিশমা মনজুরকে প্রথমে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ নিতে হবে। প্রাইমারিতে তাঁর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন নিজ দলের ক্রিস্টোফার পাপ্পাস, যিনি বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য।

কারিশমা মনজুর একজন মেডিক্যাল সায়েন্টিস্ট ও নন-প্রফিট সংগঠনের নেতা। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই প্রার্থীর মধ্যে যিনি বিজয়ী হবেন, তিনিই সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হবেন এবং সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেমোক্র্যাটিক দলের সিনেটর জিন শাহীন অবসর গ্রহণ করায় শূন্য হওয়া এই আসনে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ২০২৬।
গত ৭ ফেব্রুয়ারি শনিবার ব্রংকসের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে হাসান চাইনিজ রেস্টুরেন্টে কারিশমা মনজুরের সমর্থনে এ ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়। আয়োজক ছিলেন কমিউনিটি লিডার এম. এন. মজুমদার, আব্দুল চৌধুরী জাকি, আহাদ আলী (সিপিএ) এবং অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান। সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. এন. মজুমদার ও এ. ইসলাম মামুন। অনুষ্ঠানে কারিশমা মনজুরের সাফল্য কামনা করে বক্তব্য দেন মেয়র খায়রুল্লাহ, আহাদ আলী (সিপিএ), জাকির চৌধুরী (সিপিএ), আব্দুল চৌধুরী জাকি, নজরুল ইসলাম, ডিটেকটিভ মাসুদ রহমান, মোহাম্মদ আলী, শাহ আলম, মো. আলাউদ্দীন, নজরুল ভূইঁয়া, আহাদ হোসেন, ফাহমিদা চৌধুরী, রোকসানা মজুমদার, রেজাউল করিম, শেখ জামাল হোসেন, সুমন মিয়া, কামাল উদ্দীন, নবী হোসেন প্রধান ও তারেক ভূইঁয়া। বক্তারা বলেন, কারিশমা মনজুর নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম বাংলাদেশি-আমেরিকান সদস্য। এর মাধ্যমে ঐ অঞ্চলের অভিবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি কংগ্রেসে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য তাঁরা সবাইকে তাঁর প্রচারণায় সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
Posted ১০:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh