বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বেশ কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন, তদন্তে এই রকম তথ্য বেরিয়ে আসার পর তিনি পদত্যাগ করেছেন। যদিও এর মধ্যেই তাকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছিল। এসব অভিযোগ নাকচ করে ক্যুমো বলছেন, আমি যদি পদ থেকে সরে দাঁড়াই, সেটাই হবে (তদন্তে) সবচেয়ে ভালো ভাবে সহায়তা করা। তার এই পদত্যাগ ১৪ দিন পরে কার্যকর হবে। ক্যুমোর অবশিষ্ট মেয়াদকালের জন্য দায়িত্ব নেবেন অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল। তিনি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের সাবেক ডেমোক্রেট সদস্য। ২০১৪ সালে ক্যাথিকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রানিং মেট করে গভর্নর নির্বাচনে জয় লাভ করেন ক্যুমো। ক্যুমো-ক্যাথি জুটি ২০১৮ সালের নির্বাচনেও জয়ী হন। সে হিসাবে ২০১৫ সাল থেকে অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ক্যাথি। তিনি হবেন নিউইয়র্ক স্টেটে গভর্নরের দায়িত্ব নেয়া প্রথম নারী।
ক্যুমো এক দশকের অধিক সময় যাবত নিউইয়র্ক স্টেটকে নিয়ন্ত্রণ করেছেন স্টেটের রাজনীতির মধ্যমণি হিসেবে। যৌন কেলেঙ্কারীর অভিযোগের বদনাম নিয়ে গভর্নর ক্যুমোর পদত্যাগের সিদ্ধান্তের মধ্য দিয়ে আধুনিক আমেরিকান রাজনীতির দর্শনীয় পতন এবং একটি বিখ্যাত রাজনৈতিক বংশের অবসান ও নিউইয়র্ক স্টেটের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বিশৃংখল ও অনিশ্চিত নতুন অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদে তার বিভিন্ন নীতির বিরুদ্ধে এন্ড্রু ক্যুমো দৃঢ় অবস্থান গ্রহণের কারণে তিনি নিউইয়র্ক ষ্টেট ছাড়াও দেশব্যাপী সকল ডেমোক্রেটের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার ঘনিষ্টজনরা মনে করছেন যে ক্যুমো তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য বজায় রাখার জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।
অভিযোগ ওঠার পর থেকেই ক্যুমো সহযোগী বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার কাছ থেকে পদত্যাগের চাপের মধ্যে ছিলেন। এদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন। এক বছর আগেও যখন তিনি করোনাভাইরাস নিয়ে প্রতিদিন টেলিভিশনে বিস্তারিত তুলে ধরতেন, তখন আমেরিকার লক্ষ লক্ষ মানুষ তাকে প্রশংসা করতেন। কেলেঙ্কারির জের ধরে একের পর এক দপ্তর ছাড়তে বাধ্য হওয়া টানা তৃতীয় গভর্নর ক্যুমো। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস তদন্ত করে দেখতে পায় যে, ৬৩ বছরের ক্যুমো ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন, যাদের মধ্যে স্টেট সরকারের কর্মীরাও রয়েছেন। নারীরা অভিযোগ করেছেন যে, তিনি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আপত্তিকর স্পর্শ বা জড়িয়ে ধরেছেন এবং সম্মতি ছাড়াই চুমু খেয়েছেন। তদন্ত প্রতিবেদনের পর অনেক ডেমোক্রেটিক সদস্যও ক্যুমোর বিপক্ষে চলে যান, যাদের মধ্যে রয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেট নেতা চাক শুমার এবং নিউইয়র্কের দুইজন সিনেটর।
বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে। কুমো বলেছেন, ‘আমার পক্ষ থেকে এখন সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হলো পদত্যাগ করা এবং সরকারকে শাসনকাজ পরিচালনা করতে দেওয়া।’ নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে কুমো বলেন, ‘আমি একজন যোদ্ধা। আমি লড়াই চালিয়ে যাব, কারণ আমি বিশ্বাস করি এই বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি মনে করি এটি অন্যায় এবং অসত্য।’ নিউইয়র্কের ডেমোক্রেটিক সদস্যরা তাকে অভিশংসন করার পরিকল্পনা করতে শুরু করেছিলেন। পদত্যাগ করলেও যৌন হয়রানির এসব অভিযোগ ধরে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা হবে।
গত মঙ্গলবার যখন পদত্যাগের ঘোষণা দেন ক্যুমো, তিনি বরাবরের মতোই যৌন হয়রানির অভিযোগগুলো নাকচ করে দেন। তবে তিনি বলেছেন, তার কর্মকাণ্ডের ফলে যেসব নারীরা আহত হয়েছেন, তাদের কাছে তিনি গভীর, গভীরভাবে ক্ষমা চান। তিনি বলেছেন, এসব বিতর্ক সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে যেতে চান, কারণ তার বিশ্বাস রাজনৈতিক কারণে এসব ঘটছে। তার দাবী, তিনি পদত্যাগ করছেন এই কারণে যেভাবে কেলেঙ্কারির অভিযোগের বিষয়গুলো ঘটছে, তাতে মাসের পর মাস ধরে বিভ্রান্তি ছড়াবে এবং করদাতাদের লক্ষ লক্ষ ডলার খরচ হবে। ক্যুমো বলছেন, নিজের মেয়েদের সঙ্গেও তার সম্পর্কের ওপর এসব অভিযোগের প্রভাব পড়ছে। আমি তাদের সঙ্গে যখন সোফায় বসে দিনের পর দিন এসব অভিযোগ শুনেছি, তাদের চোখের দিকে যখন তাকিয়েছি, তাদের চেহারা দেখেছি, সেটা আমাকে কষ্ট দিয়েছে। তিনি তাদের বলেছেন, এসব কাজ তিনি কখনোই করেননি এবং ইচ্ছাকৃতভাবে একজন নারীকে কখনোই অসম্মান করেননি। কু্যূমোর পদত্যাগের ঘোষণার পর গভর্নরের দীর্ঘদিনের একজন সমালোচক নিউইয়র্কের সিটি মেয়র বিল ডে বালাসো বলেন, পদত্যাগ করার জন্য তার দেরি হয়ে গেছে। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, আমি গভর্নরের সিদ্ধান্তকে সম্মান জানাই। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পাসকি বলেছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রেসিডেন্ট তার পুরনো বন্ধুর সঙ্গে কথা বলেননি এবং পদত্যাগের বিষয়েও আগাম কোন নোটিশ দেয়া হয়নি। ক্যুমোর পদত্যাগের পর তার ছোট ভাই সিএনএনের উপস্থাপক ক্রিস কুয়োমোর পদত্যাগের দাবি উঠেছে। ক্রিস ক্যুমোর বিরুদ্ধে অভিযোগ তিনি অ্যান্ড্রু ক্যুমোকে নানা বিষয়ে পরামর্শ দিয়ে আসছিলেন।
ক্যুমো বলেছেন, আমার বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি নেই। আমি হয়তো অনেক নারীকে ক্ষুব্ধ করেছি, শুধু এগার জন নয়। এবং সেজন্য আমি গভীরভাবে দু:খিত এবং আমি এজন্য ক্ষমা প্রার্থণা করি। কিন্তু আমি আমার অন্তর থেকে জানি যে আমি কখনো আমার সীমা লংঘন করিনি। কিন্তু আমার ক্ষেত্রে কোনটি সীমারেখা আমি তা উপলব্ধি করতে সক্ষম হইনি।”
৩৩৩ বছরে প্রথম নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক
যৌন কেলেঙ্কারির দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর (ডেমোক্র্যাট) অ্যান্ড্রু কুয়োমো (৬৩) পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে. গভর্নর ক্যাথি হোচুল। আগামী ২৪ আগস্ট এই দায়িত্ব নেবেন তিনি। এর মাধ্যমে ৩৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক। লে. গভর্নর ক্যাথি হোচুল অঙ্গরাজ্যটির ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করায় যুক্তরাষ্ট্রের সেরা ৫০ গভর্নরের মধ্যে একজন ছিলেন অ্যান্ড্রু কুয়োমো। তবে যৌন কেলেঙ্কারির অভিযোগে তাকে নিয়ে সৃষ্টি হয় আলোচনার ঝড়। যদিও তিনি বিষয়টি তিনি তা অস্বীকার করে আসছিলেন।
প্রায় ২০০ জনের সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে কুয়োমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন স্টেটের অ্যাটর্নি জেনারেল (ডেমোক্র্যাট) লেটিশা জেমস। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এমনই পরিস্থিতিতে গত ১০ আগস্ট কুয়োমো পদত্যাগের সিদ্ধান্ত জানান। এ বিষয়ে গভর্নর কুয়োমো জানান, এমনভাবে কাউকে তিনি স্পর্শ করেননি। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এদিকে ক্যাথি গণমাধ্যমে বলেছেন, আমি প্রশাসন পরিচালনায় সক্ষম। জনগণের সার্বিক কল্যাণ এবং এই অঙ্গরাজ্যের উন্নয়নে চলমান সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। কুয়োমোর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নিউইয়র্কের অধিবাসীদের স্বার্থে এটি সঠিক সিদ্ধান্ত। ২০২৩ সালে গভর্নর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল অ্যান্ড্রু কুয়োমোর। তিনি নিউইয়র্কের জনপ্রিয় গভর্নর মারিয়ো কুয়োমোর ছেলে। ২০১০ সাল পর্যন্ত কুয়োমো রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরের বছর তিনি গভর্নর হিসেবে নির্বাচিত হন।
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh