বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
জ্যামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন করেন কংগ্রেস ওম্যান গ্রেস মেং
হ্যারিকেন আইডায় ক্ষতিগ্রস্থ জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি পরিদর্শণ করেছেন কংগ্রেস ওম্যান গ্রেস মেং। গত ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে তিনি জেএমসিতে আসেন। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর রাতে হ্যারিকেন আইডা আঘাত হানে নিউইয়র্ক সিটিতে। সেই রাতে নজিরবিহিন বৃষ্টিপাতে সিটির বিভিন্ন নিম্ন এলাকা প্লাবিত হয় তাৎক্ষণিকভাবে। বিশেষ করে কুইন্সের বিপুল সংখ্যক বেইসমেন্ট তলিয়ে যায় বন্যার পানিতে। প্রাণহানি ঘটে ১৩ জনের। আইডার কারণে জ্যামাইকা মুসলিম সেন্টারের বেইসমেন্ট ডুবে যায়। পানির তোড়ে কাঁচের জানালা ভেঙ্গে যায়। ফলে বাহির থেকে পানি ঢুকে পড়ে পুরো বেসমেন্টে। নষ্ট হয়ে যায় কার্পেট সহ অন্যান্য সামগ্রী।

মেঝেতে দেখা দেয় ফাটল। এতে সাময়িকভাবে বেইসমেন্ট ব্যবহার করা ব্যহত হয়। উদ্ভূত এ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কিভাবে ধর্মীয় এ প্রতিষ্ঠানটি আর্থিক সহযোগিতা লাভ করতে পারে তা নিয়ে আলোচনা করতে জেএমসিতে আসেন কংগ্রেস ওম্যান গ্রেস মেং। জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মঞ্জুর আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ বাবুল মজুমদার, সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, মোঃ সাবুল উদ্দিন, বজলুল হক তাকে স্বাগত জানান। কমিউনিটি এ্যাক্টিভিস্ট জুলকার হায়দার, জহিরুল ইসলাম, মোঃ শাহারিয়ার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদিক, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ খান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান এসময় উপস্থিত ছিলেন।
কংগ্রেস ওম্যান গ্রেস মেং জেএমসির ক্ষতিগ্রস্থ অংশ ঘুরে দেখেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, নিউইয়র্ক সিটিতে আইডার তান্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট। তার আসনে আইডায় কয়েক জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন্ট এবং নিউইয়র্কের গর্ভনর ক্যাথি হকুল কুইন্সের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণে এলে তিনি ক্ষতিগ্রস্থদেরকে কিভাবে দ্রুত সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করেন তাদের সাথে। ফেডারেল সংস্থা ফেমা ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করছে। কংগ্রেসওম্যান জেএমসি’র সংস্কার কাজে ফেমার সহায়তা প্রসঙ্গে কথা বলেন। এ বিষয়ে ফেমা এবং নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেন কংগ্রেসওম্যান। জেএমসি সহ কমিউনিটির অন্যান্যরা যাতে আর্থিক আনুকূল্য পান সে ব্যাপারে তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে উপস্থিত সাংবাদিকদেরকে জানান। জেএমসির নির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার কংগ্রেস ওম্যান গ্রেস মেং এর সাথে এ ব্যাপারে যোগাযোগ করেন।
Posted ৮:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh