বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
সোস্যাল সিকিউরিটি প্রশাসন ১৪ এপ্রিল সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর করেছে-তারা এখন থেকে টেলিফোনে করা দাবি যাচাইয়ে নতুন প্রতারণা প্রতিরোধ প্রযুক্তি ব্যবহার করবে। সম্প্রতি, টেলিফোনে পরিচয় যাচাই বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। যদিও পরে সেই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করা হয় এবং সমাজিক নিরাপত্তা প্রতিবন্ধী বীমা, মেডিকেয়ার ও সম্পূরক নিরাপত্তা আয় (এসএসআই) গ্রহণকারীদের টেলিফোনে পরিচয় যাচাইয়ের সুযোগ আবার চালু করা হয়।সোস্যাল সিকিউরিটি প্রশাসন জানিয়েছে, এখন থেকে সব ধরণের দাবি-নতুন সুবিধা চাওয়া থেকে শুরু করে ডাইরেক্ট ডিপোজিট পরিবর্তন পর্যন্ত—টেলিফোনের মাধ্যমে সম্পন্ন করা যাবে, এবং প্রতিটি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির মাধ্যমে জালিয়াতি শনাক্ত করা হবে।সোস্যাল সিকিউরিটি প্রশাসন- এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “উন্নত প্রযুক্তির সহায়তায় এখন টেলিফোন দাবিতে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা সম্ভব হবে।
কোনও অস্বাভাবিকতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সশরীরে গিয়ে পরিচয় যাচাই করতে হবে।”২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে প্রতারকরা ২০ হাজার ৮৭৮ জন সুবিধাভোগীর তথ্য বিকৃত করে ৩৩.৫ মিলিয়ন ডলার আত্মসাৎ করে, এমন তথ্য উঠে এসেছে সোস্যাল সিকিউরিটি প্রশাসন-এর ইন্সপেক্টর জেনারেলের অডিট রিপোর্টে।
সোস্যাল সিকিউরিটি প্রশাসন-এর ভারপ্রাপ্ত কমিশনার লেল্যান্ড ডুডেক বলেন, “আমরা আমাদের পরিষেবাকে আধুনিকায়নের মাধ্যমে নিরাপত্তা ও অ্যাক্সেসিবিলিটির ভারসাম্য তৈরি করছি। এই আপডেটগুলো আমাদের প্রতারণা প্রতিরোধে আরও সক্ষম করবে এবং জনগণের সুবিধা প্রাপ্তির পথ সহজ করবে।” তবে এ পদক্ষেপকে সকলেই ইতিবাচকভাবে নিচ্ছেন না। ন্যাশনাল কমিটি টু প্রিজার্ভ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “ট্রাম্প প্রশাসন এটা জনস্বার্থে করেনি, বরং ব্যাপক জনচাপের কারণেই তারা বাধ্য হয়েছে নীতিতে পরিবর্তন আনতে।”
তারা আরও দাবি করেছে, “সোস্যাল সিকিউরিটি প্রশাসন ও তাদের কর্মকর্তারা জালিয়াতির নামে আরও যেসব ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে-যেমন কর্মীসংখ্যা হ্রাস, অফিস বন্ধের পরিকল্পনা, এবং সোস্যাল সিকিউরিটি প্রশাসন-এর ভুলের কারণে যেসব অতিরিক্ত অর্থ প্রদান হয়েছে তা সুবিধাভোগীদের চেক থেকে শতভাগ কেটে নেওয়ার নিয়ম—তাও দ্রুত বাতিল করা উচিত।”
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh