বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন কমিশন (ইসি) চিঠি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ২২ নভেম্বর (শনিবার) ঢাকার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) আয়োজিত নির্বাচনবিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে সরকার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ‘সামনের সপ্তাহেই গণভোটের আইন করা হবে। আইনটি পাস হলেই গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করবে কমিশন।’
নির্বাচনকে সামনে রেখে বর্তমান কমিশনের সামনে থাকা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন নাসির উদ্দিন। তার ভাষায়, ‘আগের নির্বাচন কমিশনগুলোকে এত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। আমরা আইনের মধ্য দিয়েই সবকিছু করছি। আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই।’
জনগণের প্রত্যাশা বেড়ে গেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘গত দু–তিন দিনে আমরা বুঝতে পেরেছি, জনগণের প্রত্যাশা কতটা বেশি। এটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে লক্ষ্য একটাই—স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন—এর বেশি নয়, কমও নয়। এ বিষয়ে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে।’
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা খুব মসৃণ নয়, তবে স্বচ্ছ নির্বাচন হলে পরিস্থিতি শান্ত হবে বলে তার বিশ্বাস। ‘আমাদের রাজনৈতিক নেতারা দায়িত্ববান ও বিজ্ঞ,’ মন্তব্য সিইসির।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh