বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
টেনিস কোর্টে ফিরছেন কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। ছবি : সংগৃহীত
বয়সকে কেবল সংখ্যা প্রমাণ করে আবারো টেনিস কোর্টে ফিরছেন কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। আগামী ১৮ই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে সরাসরি মূল ড্রতে খেলার জন্য ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন এই আমেরিকান তারকা। দীর্ঘ পাঁচ বছর পর মেলবোর্ন পার্কের পরিচিত আঙিনায় পা রাখতে যাচ্ছেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী এই চ্যাম্পিয়ন। ৪৫ বছর বয়সী ভেনাস প্রত্যাবর্তনের মাধ্যমে নতুন করে ইতিহাস লিখতে যাচ্ছেন। এ বছর কোর্টে নামলেই তিনি হবেন অস্ট্রেলিয়ান ওপেনের মূল ড্রতে অংশ নেয়া ইতিহাসের সবচেয়ে বয়স্ক নারী খেলোয়াড়। এর আগে এই রেকর্ডটি ছিল জাপানের কিমিকো ডাটের দখলে; তিনি ৪৪ বছর বয়সে অংশ নেন।
২০১৫ সালে এ রেকর্ড গড়েন কিমিকো। মেলবোর্ন পার্কে ১৯৯৮ সালে ভেনাসের অভিষেক হয়। ওই আসরের দ্বিতীয় রাউন্ডেই তিনি ছোট বোন সেরেনা উইলিয়ামসকে হারান। অস্ট্রেলিয়ান ওপেনে দুইবার (২০০৩ ও ২০১৭) ফাইনালে উঠলেও দুবারই বোনের কাছে হেরে রানার্সআপ হন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫৪টি জয়ের বিপরীতে তার হার ২১টি। এবার খেলবেন নিজের ২২তম অস্ট্রেলিয়ান ওপেন। প্রত্যাবর্তন নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভেনাস বলেন, ‘অস্ট্রেলিয়ায় ফিরতে পারাটা সত্যিই দারুণ অনুভূতি। এখানে আমার অসংখ্য স্মৃতি আছে।
আবারও সেই কোর্টে লড়তে পারব্তএটা বড় সৌভাগ্য।’ অকল্যান্ডে অনুষ্ঠিতব্য একটি ডব্লিউটিএ টুর্নামেন্ট দিয়ে বছর শুরু করবেন ভেনাস, সেখানেও পেয়েছেন ওয়াইল্ড কার্ড। কোর্টের বাইরে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন ভেনাস। গত ডিসেম্বরে ডেনিশ মডেল ও অভিনেতা অ্যান্ড্রেয়া প্রেতির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। টেনিস কিংবদন্তির এই ফেরা এখন মেলবোর্নের দর্শকদের জন্য বড় আকর্ষণ। চোট আর বয়সের চ্যালেঞ্জ সামলে ৪৫ বছর বয়সে ভেনাস কতটা দাপট দেখাতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh