বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
মেলবোর্ন পার্কে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরু হলো দুর্দান্ত এক সূচনায়। প্রথম দিনেই দেখা মিলেছে তারকাদের আধিপত্যের, নতুনদের উত্থানের আর ইতিহাস ছোঁয়া এক বিকালের। বিশ্ব এক নম্বর কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। দুই জনই জিতেছেন সহজ দুই সেটে। একই দিন জয় পেয়েছেন এমা রাদুকানু, ক্যামেরন নরি ও ফ্রান্সিস টিয়াফো। হারলেও দিনের সব আলো কেড়েছেন ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামস।
বিশ্ব এক নম্বর আলকারাজ শুরু থেকেই নিজের ছন্দে ছিলেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনকে ৬-৩, ৭-৬(২), ৬-২ গেমে হারিয়ে দারুণভাবে শুরু করলেন তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম মিশন। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘নতুন মৌসুমে কোর্টে ফিরে ভালো লাগছে। ওয়ালটন ভালো খেলেছে, আমাকেও সর্বোচ্চ দিতে হয়েছে। শেষ পর্যন্ত নিজের খেলার মান ধরে রাখতে পেরেছি, সেটাই তৃপ্তি।’
নারী এককে একই দৃশ্য। আরিনা সাবালেঙ্কা জিতেছেন ৬-৪, ৬-১ গেমে। তবে ম্যাচটা যতটা একপেশে মনে হয়, প্রথম দিকে ততটা সহজ ছিল না। ২০ বছর বয়সী তিয়ান্তসোয়া রাকোতোমানগা রাজারোয়া একদম শুরুতেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে এগিয়ে যান। তার পরও সাবালেঙ্কা ফিরে এসে দুই সেটে জয় তুলে নেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ওর খেলার ধরন আগে কখনো দেখিনি। শুরুতে রিদম খুঁজে পাচ্ছিলাম না। তবে ধীরে ধীরে নিজের খেলা ফিরে পাই।’
দিনের আরেক আলোচিত ম্যাচে ভেনাস উইলিয়ামস লড়াই করেছেন বয়স আর সময়ের বিরুদ্ধে। ৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সবচেয়ে প্রবীণ নারী খেলোয়াড় হিসেবে কোর্টে নামলেন তিনি। শেষ পর্যন্ত ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪ গেমে হারলেও দর্শকরা দাঁড়িয়ে অভিনন্দন জানালেন এই কিংবদন্তিকে। ম্যাচ শেষে ভেনাস বললেন, ‘দারুণ একটা মুহূর্ত ছিল। দর্শকের ভালোবাসাই আমাকে চালিয়ে নিচ্ছে। আমি জানি, আরও উন্নতি করছি এবং থামব না।’
তবে ওলগা দানিলোভিচের জয়টিও ছোট নয়। ৬৯ নম্বর র্যাংকধারী সার্বিয়ান খেলোয়াড়ের জন্য এটি ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা জয়। তিনি বলেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা। ভেনাসের মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলে আনন্দ পেয়েছি।’
নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানু। থাইল্যান্ডের মানাঞ্চায়া সাওয়াংখাওকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন তিনি। রাদুকানু বলেন, ‘শুরুটা কঠিন ছিল। প্রতিপক্ষের বলগুলো লাইনের খুব কাছাকাছি পড়ছিল। আমি লড়েছি, ফোকাস রেখেছি,
সেটাই কাজ দিয়েছে।’
পুরুষ এককে ব্রিটেনের আরেক প্রতিনিধি ক্যামেরন নরি জিতেছেন এক নাটকীয় ম্যাচে। ফ্রান্সের বেঞ্জামিন বঁজির বিপক্ষে পাঁচ সেটের দারুণ লড়াই শেষে ৬-০, ৬-৭, ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে জয় পান তিনি। ১৭টি এস সার্ভ করেন নরি, দেখান তার মানসিক দৃঢ়তা।
দিনের সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল ঝেং। যোগ্যতা পর্ব পেরিয়ে মেইন ড্রতে প্রথম বার খেলতে নেমেই হারিয়ে দিলেন সেবাস্টিয়ান কর্দাকে ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৭(০), ৬-৩ গেমে। ২০ বছর বয়সি এই তরুণকে ইতিমধ্যেই ‘নেক্সট বিগ থিং’ বলা শুরু হয়েছে। পরের ম্যাচে তার প্রতিপক্ষ করেন্টিন মুতে। ফ্রান্সিস টিয়াফোও জয় পেলেন সহজেই। স্থানীয় খেলোয়াড় জেসন কুবলারকে ৭-৬(৪), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে এগিয়ে গেলেন দ্বিতীয় রাউন্ডে।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh