বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
জ্যামাইকা হিলসে হাইল্যান্ড এভিন্যুতে ভালো মেলা অনুষ্ঠিত হবে ৩০ জুন রোববার। নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশী আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড লীডারশীপ আউটরিচ’ সংক্ষেপে ভালো। বাংলাদেশী কমিউনিটিতে এই প্রথমবারের মতো মেলার আয়োজন করছে ভালো।
আগামী ৩০ জুন রোববার জ্যামাইকা হিলসের ১৬৫ স্ট্রিট থেকে ১৬৮ স্ট্রীট জুড়ে হাইল্যান্ড এভিন্যুতে অনুষ্ঠিত হবে ভালো মেলা। বিশাল এলাকা জুড়ে প্রশস্ত এভিন্যুতে অপরাহ্ন ২টা থেকে শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। এজন্য ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। মেলাতে যোগ দিবেন বাংলাদেশ থেকে মাশা ইসলাম ও তাহসান খান এবং প্রবাস থেকে রন্টি দাস।
লাইভ মিউজিক, আর্টস, ক্রাফটস, কিডস ফান জোন, দেশি খাবার, পোশাকের দোকানসহ বিভিন্ন ধরণের স্টলের পাশাপাশি থাকবে সেই লাক্সারি কার শো। মেলার গ্র্যান্ড স্পন্সর ডিএইচ কেয়ার। ডিএইচ কেয়ারের প্রধান শাহরিয়ার রহমান বলেন, আমরা এই প্রথমবারের মতো ‘ভালো মেলা’র আয়োজন করছি। এই মেলা একটি ইউনিক মেলা হবে। এই পর্যন্ত আমরা যেসব কাজ করছি বলতে গেলে সবই আমরা ইউনিকভাবেই করেছি। আগামীতে আমরা আরো করবো।
মেলাটি সফল করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে শাহরিয়ার রহমান বলেন, ব্যবসায়ীরা স্টল নিয়ে মেলাতে থাকবেন। স্টলের জন্য যদি কেউ অর্থ দেন সেটি নন প্রফিট অর্গানাইজেশেনে যাবে। তিনি জানান, এই মেলার অন্য কোন স্পন্সর নেই। মেলাটি এককভাবে স্পন্সর করছে ডিএইচ কেয়ার। মূলত কমিউনিটির জন্যই এটি করা হচ্ছে। ডিএইচ কেয়ারের স্পন্সর করার কারণ হচ্ছে-মেলা থেকে কোন অর্থ আয় করার উদ্দেশ্য নেই ‘ভালো’র। এই কারণেই এই মেলার স্পন্সর করছেন তারা।
শাহরিয়ার রহমান জানান, আমরা মেলাতে এমন সব ইভেন্ট রেখেছি, এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো কমিউনিটির শিশু, কিশোর ও টিনেজরদেরকে সম্পৃক্ত করা। তারা যদি এখানে নিজেদের সম্পৃক্ত করে আনন্দ পায়, তাহলেই আমাদের লক্ষ্য সফল হবে। আমরা মেলার আয়োজন করার পেছনে আরো একটি কারণ হলো কমিউনিটির বিভিন্ন শ্রেণীর ও বয়সের মানুষকে এখানে বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের নতুন একটি স্বপ্ন তৈরিতে সহায়তা করা। ভালো কিছু করতে উৎসাহিত করা। মেলায় কোন প্রবেশ মূল্য নেই। নির্মল বিনোদন উপভোগ করতে ভিন্ন মাত্রার এই মেলায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানান তিনি।
ভালো ইনকের পাবলিক রিলেশন পরিচালক শাহরিয়ার নবী বলেন, আমরা গতানুতিকভাবে এখানে যে সব শিল্পীবৃন্দ সব সময়ে অনুষ্ঠানে অংশ নেন তাদেরকে সম্পৃক্ত করিনি। কারণ তাদের তো বিভিন্ন অনুষ্ঠানেই মানুষ দেখেন ও তাদের গান শুনেন। আমরা এমন তিনজন শিল্পীকে সম্পৃক্ত করেছি, যাতে করে মানুষ একটু ভিন্ন বিনোদন উপভোগ করতে পারেন। মেলাতে টিনেজারদের জন্য ফেরারি গাড়িসহ বিশ্ব সেরা নামী সব ব্যান্ডের গাড়ি সেখানে থাকবে। ওইসব গাড়ির ভেতরে তারা বসতে পারবেন ও ছবি তুলতে পারবেন। এই পর্বে আমাদেরকে সহায়তা করবে ম্যাডিসন কার ক্লাব।
কমপক্ষে ১২টি বিশ্বসেরা ব্যান্ডের গাড়ি এখানে থাকবে। শিশুদের জন্য বিভিন্ন ইভেন্ট থাকছে তারাও আনন্দ করতে পারবে। মেলায় রকমারি স্টল থাকবে সেখানে কেনাকটা করতে পারবে এবং সেই সাথে খাবারও খেতে পারবেন। তিনি বলেন, মেলাতে ভালো’র টিম, ডিএইচ কেয়ারের টিম ও কর্মকর্তাবৃন্দ ছাড়াও বেশ কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এদিকে ভালো মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশী কমিউনিটতে স্াড়া পড়েছে। বিশেষ করে পরিবারের নারী সদস্যগণ তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছেন ভালো মেলায় অংশ নিতে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে সেবামূলক কার্যক্রম চালিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ‘ভালো’। নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশী আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড লীডারশীপ আউটরিচ’ সংক্ষেপে ভালো। ভয়াবহ করোনা মহামারিকালে গোটা নিউইয়র্ক সিটি যখন নিস্তব্ধ, মূহ্যমান শোকে। তখন একদল নির্ভীক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে নেমে আসেন রাস্তায়। সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন করোনা আক্রান্ত মানুেেষর প্রতি। বিশেষ করে খাবার, চিকিৎসা ও করোনা প্রতিরোধী সামগ্রী নিয়ে। শাহারিয়ার রহমানের নেতৃত্বে সেই থেকে তারা দরিদ্র ও দুর্গত মানুষের পাশে থেকে কুড়িয়ে আসছেন প্রশংসা। মূলধারার জনপ্রতিনিধিদের সাথেও রয়েছে তাদের নিবিড় সর্ম্পক। রোজা, ঈদ সহ বিভিন্ন উৎসবে ভালো আয়োজন করে থাকে সামাজিক সম্প্রীতি সমাবেশ।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2354 বার পঠিত)