বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
নতুন মেডিকেল অফিস উদ্বোধনকালে ডা. জাবের খান ও অন্যান্য অতিথিবৃন্দ।
জ্যামাইকায় ডা. জাবের খান রায়ান ও ডা. নাফিসা খান ইলোরা নতুন অফিস খুলেছেন। জ্যামাইকা মুসলিম সেন্টার ও সাপ্তাহিক বাংলাদেশ অফিস সংলগ্ন ১৬৮স্ট্রিট ও ১৬৭ হাইল্যান্ড এভিনিউর কর্ণারে নতুন অফিসটি উদ্বোধন করা হয় গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনীতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন আমেরিকান মুসলিম সেন্টারের ইমাম এম আতাউর রহমান জালালাবাদী। এ পর্যায়ে নতুন মেডিকেল অফিস সম্পর্কে আলোচনা করেন মুফতি আব্দুল মালেক।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিকিৎসা পেশার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি। সুনি ডাউনস্টেট ইউনির্ভাসিটি হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ও ব্রুকলিনের মাইমুনাইডিস হাসপাতালের চিকিৎসক ডা. জাবের খান রায়ান তার বক্তব্যে জ্যামাইকায় নতুন মেডিকেল অফিসটি উদ্বোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, রোগীদের উন্নত সেবা প্রদানে তার সবগুলো মেডিকেল অফিস সুনামের সাথে কাজ করছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন ডা. খান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাক ডা. ওয়াজেদ খান, সাবেক এমপি ও ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, হেলথ ফার্স্ট ইন্স্যুরেন্স কোম্পানির ডিস্ট্রিক্ট ম্যানেজার সালেহ আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, ব্রুকলিন বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি মো. রব সহ অনেকে। উদ্বোধনীর পর ডা. জাবের খান ও ডা. নাফিসা খানের বন্ধু ও সহকর্মী চিকিৎসক পরিবারের সদস্যরা নতুন অফিসে আতিথত্য গ্রহণ করেন।
কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ও অভিজ্ঞ এই চিকিৎসক দম্পতির ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড ও ওজনপার্কে আরো দুটি মেডিকেল অফিস রয়েছে। অন্যান্য মেডিকেল অফিসের মতো জ্যামাইকায় নতুন অফিসেও থাকছে চিকিৎসার সব ধরনের সুবিধা। বিশেষ করে রোগীদের সম্পূর্ণ ফিজিক্যাল চেকআপ ও ফলোআপ। এছাড়া ডিএমভি, টিএলসি, সন্তানদের স্কুলের ফিজিক্যাল, ফ্লু-শর্ট, হজ্ব ও ওমরাহর ভ্যাকসিন, ইমিগ্রেশন ফিজিক্যাল, ইকেজিসহ বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট। ডা. জাবের খান ও ডা. ইাফিসা খান তাদের নতুন এই অফিসে বাংলাদেশিদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। জ্যামাইকা অফিসের ফোন নম্বর-৭১৮-৭৩৯-৫২০০।
Posted ৬:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)