বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। নানাবিধ সেবামূলক কাজে নিবেদিত এই সংগঠনটি ২৫ বছর পূর্তির উদ্যোগ গ্রহণ করেছে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে এ উপলক্ষে আয়োজন করা হবে দু’দিনব্যাপী উদযাপন অনুষ্ঠান। এছাড়া আগামী মাস থেকে পর্যায়ক্রমে আয়োজন করা হবে রকমারি কর্মসূচী।
বর্ষপূতি অনুষ্ঠানকে সামনে রেখে সংগঠনটির নির্বাহী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হয় গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায়। জ্যামাইকা হিলসাইডের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সেক্রেটারি এনায়েত মুন্সীর উপস্থাপনায় সংগঠনের কর্মকর্তাগণ ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

বক্তাগণ বাংলাদেশী কমিউনিটিতে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠা এবং এর দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন সামাজিক কল্যাণকর কাজের বর্ণনা দেন। তারা বলেন, সংগঠনটির সামাজিক কার্যক্রম জ্যামাইকায় পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সংগঠনটি স্থানীয় মূলধারার রাজনীতি ও জনপ্রতিনিধিদের সাথে কাজ করছে নিবিড়ভাবে। সবকিছু মিলিয়ে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সামাজিক অবদান ও দায়বদ্ধতা বিবেচনা করে ২৫ বছর পূর্তি অনুষ্ঠানকে ঝাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করতে সকলেই ঐকমত পোষণ করেন। এজন্য সর্বসম্মতভাবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জ্যামাইকায় দু’দিন ব্যাপী ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী মাসে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি পরিবার একটি গালা নাইটের আয়োজন সহ পর্যায়ক্রমে কয়েকটি কর্মসূচী গ্রহণের উদ্যোগ নিয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডাঃ ওয়াজেদ খান, অধ্যাপিকা হোসনে আরা, রেজাউল করিম চৌধুরী, শাহ শহীদুল্লাহ, সাবেক সভাপতি বিলাল চৌধুরী,, সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, ইকবাল আহমেদ, জিল্লুর রহিম, শরিফ হোসেন, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Posted ২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)