বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ডিমের বাজারে আগুন লেগেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ডিমের দাম সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। ডিম সরবরাহ ঘাটতির কারণে নিউইয়র্ক সিটির অনেক দোকানে প্রতি গ্রাহকের কাছে সর্বোচ্চ দুই ডজন ডিম বিক্রয় করা হচ্ছে। এক বছর আগে যুক্তরাষ্ট্রে ডিমের গড় বাজারদর যেখানে প্রতি ডজনে ২.৫১ ডলার ছিল, এখন তা বিক্রি হচ্ছে ১০ ডলার হারে।
ডিমের বাজার পরিস্থিতি এতই সঙ্গীন হয়ে উঠেছে যে, গত ১ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী পেনসিলভেনিয়া স্টেটের গ্রিণক্যাসেলে পিট অ্যান্ড গেরি’স অর্গানিক্সের একটি লরির পিছনে উঠে চোরেরা বিপুল সংখ্যক ডিম চুরি করে।
এছাড়া এক গ্রোসারি থেকে ৪০ হাজার ডলার মূল্যের ১ লাখের বেশি ডিম চুরি করে নিয়ে গেছে তস্করেরা। বার্ড ফ্লু মহামারীর মধ্যে ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে ডিম অপ্রত্যাশিতভাবে ব্যয়বহুল খাবারের তালিকায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রে। ফেডারেল সরকার যদিও দাবি করছে যে পোলট্রি ফার্ম পর্যায়ে গত বছরের তুলনায় ডিমের দাম ৬৫ শতাংশের বেশি বেড়েছে। কিন্তু গ্রোসারিগুলোতে ডিমের দাম বেড়েছে কয়েক গুণ বেশি।
দেশটির কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে। মঙ্গলবার আমেরিকান চেইন রেস্তোরাঁ ‘ওয়াফেল হাউস’ ডিমের দাম বাড়ার কারণে গ্রাহকদের কাছ থেকে বাড়তি দাম রাখছে।
রেস্তোরাঁটি জানিয়েছে, ডিমের দামের অভূতপূর্ব বৃদ্ধির কারণে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হচ্ছে। কৃষি বিভাগের মতে, বার্ড ফ্লু মহামারী ২০২২ সালে শুরু হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, শুধুমাত্র ডিসেম্বর মাসেই দাম ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বিভাগের তথ্য থেকে আরো দেখা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে এক কার্টন ডিমের গড় দাম ছিল ২ দশমিক ৫১ ডলার এবং এক বছর পরে তা পৌঁছেছে ৪ দশমিক১৫ ডলারে। এই বৃদ্ধির ফলে কিছু দোকানের তাক খালি পড়ে রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রজুড়ে পাখি, গবাদি পশু এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু মহামারী দেখা দিয়েছে, যদিও মানুষের মধ্যে এর সংক্রমণ খুবই বিরল। সূত্র : বিবিসি
Posted ১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)