বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়ে স্টেশনে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ফ্রাঙ্ক আর জেমস (৬২)-কে নাটকীয়ভাবে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। সিটি মেয়র এরিক অ্যাডামস গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন ‘আমরা তাকে গ্রেফতার করেছি’। অভিযুক্ত জেমসকে নিউইয়র্কের ইস্ট ভিলেজ থেকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে গণপরিবহনে সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। গ্রেফতারের পর তাকে ইস্ট ফিফথ স্ট্রিটে নাইনথ প্রিসিঙ্কক্ট অফিসে নীল শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরা এবং হাতে হাতকড়া অবস্থায় দেখা যায়। তাকে আগামীকাল বৃহস্পতিবার ফেডারেল কোর্টে হাজির করা হবে। কোর্ট জেমসের পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছে। জেমসকে গ্রেফতারের আগে সিক্সথ স্ট্রিস্ট ফিফথ এভিনিউ ম্যাকডোনাল্ড এর কাছ থেকে খবর গোপন খবর দেয়া হলে আইন প্রয়োগকারীরা তাকে গ্রেফতার করতে যায়। পুলিশ মনে করছে, জেমস নিজেই পুলিশে ফোন করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সিটির ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৩৬ স্ট্রিট সাবওয়ে স্টেশনে সন্দেহভাজন বন্দুকধারীর হামলায় ১০ জন গুলিবিদ্ধসহ মোট ২৯ জন আহত হয়েছেন। এ ঘটনার জের না কাটতেই একই দিনে বিকেল থেকে রাত দশটা পর্যন্ত ৬ ঘন্টায় ব্রুকলিন ও ব্রঙ্কসে ৭টি গুলিবর্ষণের ঘটনায় ২ জন নিহত এবং অপর ১৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
ব্রুকলিনে মঙ্গলবার সকালের ঘটনায় ম্যানহাটানগামী ‘এন’ ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা যখন ট্রেন থেকে অবতরণ করছিল ও উঠছিল, ঠিক তখনই বন্দুকধারী ধূম্র বোমা ফাটিয়ে গুলিবর্ষণ শুরু করে। গুআহতদের তিনজন নারী। গুলিবিদ্ধ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হলেও তারা বিপদের বাইরে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ছাড়া ধোঁয়া উদগীরণকারী বোমা বিস্ফোরণের কারণে অথবা আতঙ্কিত হয়ে লাফ দেওয়া বা ছোটাছুটির কারণে বেশ কিছু লোক আহত হয়েছে।
পুলিশ কমিশনার কীচ্যান্ট সিওয়েল মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে৷ জানা গেছে ঘটনার সময় স্টেশনের ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো অকার্যকর ছিল। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির সেলফোনে ধারণ করা ভিডিও থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি পেতে সক্ষম হন। এনওয়াইপিডি’র ধারণা লোকটি গ্রেভসেন্ডের কিংস হাইওয়েতে একটি ইউ-হাউল ভ্যানকে শ্যুটিংয়ের সাথে জড়িত ছিল। পুলিশের তথ্যানুসারে বন্দুকধারীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। ওজন ৭৭ কেজি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উইসকনসিন ও ফিলাডেলফিয়ায় জেমসের বসবাস। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু বিদ্বেষমূলক ভিডিও প্রকাশ করেছেন তিনি। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস সিটি সাবওয়ে ও অন্যান্য স্থান থেকে হোমলেসদের উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণ করলে ফ্র্যাঙ্ককে সামাজিক মাধ্যমে মেয়রের সমালোচনা করতেও দেখা গেছে। ঘটনার একদিন আগে অর্থ্যাৎ সোমবারের একটি পোষ্টে তিনি বলেছেন যে তিনি মানুষ হত্যা করতে চান এবং মানুষকে মরতে দেখতে চান।
জেমস ফিলাডেলফিয়ায় এই ইউ-হল ভাড়া করেছিল এবং সেই ভ্যানের চাবি ঘটনাস্থল সাবওয়ে স্টেশনে ফেলে যাওয়া বন্দুধারীর জিনিসপত্রের মধ্যে পাওয়া গেছে। এনওয়াইপিডির গোয়েন্দা প্রধান জেমস এসিগ বলেছেন সন্দেহভাজন হামলাকারী সাবওয়ের নির্মাণ কর্মীদের পোশাক ও একটি গ্যাস মাস্ক পরিহিত অবস্থায় ছিল বলে কেউ তাকে সন্দেহ করেনি। কিছু বোঝার আগেই বন্দুকধারী সাবওয়ে স্টেশনে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গুলিবিদ্ধ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এসময় পালিয়ে যায় হামলাকারী। প্রত্যক্ষদর্শী ফুট স্মিথ বলেন, তিনি পাশের কম্পার্টমেন্টে ধোঁয়া দেখতে পেয়েছেন ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। পুলিশ স্টেশন থেকে একটি গ্লক নাইন এমএম হ্যাণ্ডগান ও ছয়টি গুলিভর্তি ম্যাগজিন, একটি ছুরি এবং একটি গ্যাসোলিনের ক্যানিষ্টার উদ্ধার করেছে। তদন্তকারীদের মতে হামলাকারীর হাতে একটি নাইন এমএম সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র ছিল। এনওয়াইপিডি’র তদন্ত প্রধান এসিগ বলেন, হামলাকারী ওই অস্ত্র থেকে অন্তত ৩৩টি গুলি ছুড়েছেন।
ঘটনার পর দু’দিন কেটে গেলেও পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম না হওয়ায় জনমনে উদ্বেগ বিরাজ করছে। তাকে আটক করতে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। এ কাজে এফবিআই সদস্যরাও জড়িত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী ফ্র্যাঙ্ক আর জেমসে পুলিশ “পারসন অব ইন্টারেস্ট” হিসেবে বর্ণনা করেছে, যা প্রকৃত অর্থে ‘সন্দেহভাজন নয়, কিন্ত তার কাছে অপরাধের ঘটনার ব্যাপারে তথ্য থাকতে পারে। পুলিশ ফ্র্যাঙ্কের যে দুটি ছবি প্রকাশ করেছে, তার একটিতে তিনি কমলা রঙের টি-শার্ট পরে আছেন, আরেকটি ছবিতে তাঁকে গাড়িতে ওঠার পর সিট বেল্ট বাঁধতে দেখা যাচ্ছে।
মেয়র এরিক অ্যাডামস গতকাল বুধবার এক বিবৃতিতে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে এলোপাতারি গুলিবর্ষণের ঘটনাকে সাবওয়ে সহিংসতার সাম্প্রতিক ইতিহাসে ভয়াবহতম বলে উল্লেখ করেছেন। গণমাধ্যমে তিনি বলেছেন, আমরা শিগগির হামলাকারীকে পাকড়াও করতে যাচ্ছি। নিউইয়র্ক সিটির সাবওয়ে যাত্রীদের জন্য অত্যন্ত নিরাপদ বলে নিউইয়র্কারদের নিশ্চিত করার উদ্দেশ্যে সিটি মেয়র এরিক অ্যাডামস ও স্টেট গভর্নর ক্যাথি হকুলের উদ্যোগকে মঙ্গলবারের হামলার ঘটনা আরও জটিল হয়ে দাঁড়িযেছে বলে নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অ্যাডামস আরও বলেন যে সিটিবাসীর সাবওয়ে ব্যবহার নিরাপদ বিবেচনা করা উচিত। তিনি সাবওয়ে স্টেশনগুলো অতিরিক্ত পুলিশ অফিসার মোতায়েনের কথা বলেন। তিনি গতকাল নিজে সাবওয়ে ব্যবহার করবেন বলে জানান, যদি চিকিৎসকরা তাকে কোয়ারেন্টাইনে থাকতে না বলেন। গত রোববার মেয়রের করোনা টেস্ট রেজাল্ট পজেটিভ এসেছে।
উল্লেখ্য, এমটিএ’র সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে প্রতি কর্মদিবসে নিউইয়র্ক সিটি সাবওয়ে আনুমানিক ৩০ লাখের অধিক যাত্রী পরিবহন করে। কিন্তু করোনা মহামারীর কারণে বহু লোক বাড়ি থেকে কাজ করায় সাবওয়ের সাত্রী সংখ্যা ব্যাপক হ্রাস পায়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও বর্তমানে সাবওয়ে যাত্রী সংখ্যা মহামারী পূর্ব সময়ে চেয়ে কর্মদিবসে ৬০ শতাংশ কম থাকে।
ব্রুকলিনে ১৫ জন গুলিবিদ্ধ নিহত ২
ব্রুকলিন সাবওয়েতে মঙ্গলবার সকালের হামলার জের না কাটতেই একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত ব্রুকলিন ও ব্রঙ্কসের বিভিন্ন স্থানে ছয় ঘন্টায় যেসব গুলি বিনিময়ের ঘটনা ঘটে তাতে দুই জন নিহত এবং ১৩ ব্যক্তি আহত হয়েছে। গুলিবর্ষণের প্রথম ঘটনা ঘটে বেডফোর্ড-স্টাইভেসেন্টের মার্সি এভিনিউয়ের কাছে গেটস এভিনিউয়ে বিকেল সাড়ে চারটার ঠিক পরপর, যেখানে ৪৩ বছর বয়সী এক লোকের পিঠের নিচের দিকে গুলি লাগে, ৪১ বছর বয়সী একজনের ডান হাতে গুলি লেগে তার ত্বক ছড়ে যায় এবং ২৬ বছর বয়সী এক ব্যক্তির বাম পায়ে গুলি লাগে। তবে তিনজনের কারও অবস্থা গুরুতর নয়।
সন্ধ্যা ৭টার পর ব্রঙ্কসের এডেনওয়াল্ড সেকশনের ল্যাকোনিয়া এভিনিউয়ে এক গুলির ঘটনায় ১৫ বছর বয়সী এক বালিকা গুলিবিদ্ধ হয়। মেয়েটি গুলি বর্ষণকারীর টার্গেট ছিল কিনা তা নিশ্চিত নয়। এর কয়েক মিনিট পর ব্রুকলিনের সাইপ্রেস হিলের নিকোলাস এভিনিউয়ের কাছে এটনা স্ট্রিটে ৪১ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। প্রথম প্রাণঘাতী ঘটনা ঘটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ব্রঙ্কসের ক্রোটোনায় ই ১৮০ ষ্ট্রিট ও মাহেগানের কাছে ইন্টারসেকশনে। তিনজন ঘাতক ১০ রাউণ্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। হামলার টার্গে ২২ বছর বয়স্ক ব্যক্তির দেহে বেশ কটি গুলি লাগে। তাকে সেন্ট বার্নাবাস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত চলছে। রাত ৮টা ২০ মিনিটে ব্রুকলিনের ই ৮৬ ষ্ট্রিট ও ফ্ল্যাটল্যান্ড এভিনিউয়ে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এর বিশ মিনিট পর ব্রঙ্কসে গ্র্যান্ড কনকোর্স এলাকায় গাড়িতে বসে থাকা ২৩ বছর বয়স্কা এক তরুণীর মাথায় গুীল করলে তিনি তিনি গুরুতর আহত হন। তাকে লিঙ্কন হাসপাতালে নেওয়া হলেও তার জীবন রক্ষা করা যায়নি। পুলিশ জানার চেষ্টা করছে যে তাকে টার্গেট করে গুলি করা হয়েছিল কিনা।
রাত ৯টা ৫০ মিনিটে ব্রঙ্কসে আরেকটি গুলির ঘটনা ঘটে উইলিয়ামসব্রিজ এলাকায় ক্রুগার এভিনিউ ও বার্ক এভিনিউয়ের কাছে। এ ঘটনায় ৪৭ বছর বয়স্ক এক ব্যক্তির মাথায় গুলি লাগে। তাকে গুরুতর অবস্থায় জ্যাকোবি হাসপাতালে ভর্তি করা হয়। এর ২০ মিনিটের কম সময় পর অ্যালারটনে বোস্টন রোডের কাছে অলিনভিল এভিনিউয়ে তিনজনের একটি বন্দুকধারী দল তিনজন পুরুষ ও এক নারীর দিকে এগিয়ে যায়। তারা গুলিবর্ষণ করলে একজনের মাথায়, একজনের পায়ে ও একজনের পিঠে গুলি লাগে, মহিলার হাত গুলিবিদ্ধ হয়। একজনের অবস্থা গুরুতর।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)