নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
নবনীতা চৌধুরী
নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তি উপলক্ষে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাংবাদিক নবনীতা চৌধুরী। সাংবাদিকতার পাশাপাশি গত কয়েক বছর ধরে নবনীতা চৌধুরী নিজেকে বাংলাদেশের অন্যতম লোক গানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত যেমন করতে পেরেছেন তেমনি ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও সুনাম অর্জন করেছেন। সাধারণত তিনি নিজস্ব দলের সদস্যদের সাথেই সঙ্গীত পরিবেশন করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, নবনীতা চৌধুরী ২৮ অক্টোবর বইমেলার উদ্বোধনী দিন সঙ্গীত পরিবেশন ছাড়াও ২৯ ও ৩০ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতার অনুষ্ঠান সঞ্চালন এবং সংগীত পরিবেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে লাগাডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে। ২৯ থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, কাদেরী কিবরিয়া ও শহীদ হাসান একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শিল্পী কাবেরী দাস, শাহ মাহবুব ছাড়াও আরো বিশিষ্ট শিল্পীরা বইমেলায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
যতই দিন যাচ্ছে বইমেলাকে ঘিরে নানান কর্মকান্ড আবর্তিত হচ্ছে। ৩০তম বইমেলা উপলক্ষে কামরুন জিনিয়ার সম্পাদনায় একটি স্মারকগ্রন্থের কাজ এগিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং নিউইয়র্ক বইমেলার ৩০ বছর উপর বিভিন্ন লেখা নিয়ে স্মারকগ্রন্থটিকে সাজানো হচ্ছে বলে জানা গেছে। সম্পাদনা পর্ষদে রয়েছেন ফেরদৌস সাজেদীন, আহমাদ মাযহার ও আদনান সৈয়দ। বইমেলায় বাংলাদেশ থেকে সন্দেশ প্রকাশনা সংস্থাও যোগ দিচ্ছে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন। এ নিয়ে বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থ কেন্দ্র, অনন্যা, কথাপ্রকাশ, প্রথমা প্রকাশন, বাতিঘর, আকাশ প্রকাশনা, অন্বয় প্রকাশ, সন্দেশ প্রকাশনা এবং আমেরিকা থেকে মুক্তধারা, নিউইয়র্ক এবং ঘুংঘুর এর স্টল বইমেলায় থাকছে বলে জানা গেছে।
বাংলাদেশ ছাড়াও লন্ডন, টরন্টো, মন্ট্রিয়ল থেকেও বিভিন্ন লেখক-সাহিত্যিক নিউইয়র্ক বইমেলায় যোগ দিচ্ছেন বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)