নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
আমেরিকায় বাংলা সংস্কৃতি ও শাস্ত্রীয় শিল্পের ধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গত ১৬ নভেম্বর রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ধ্রুপদী শিল্পের এক মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন পরিবেশনা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপা। মঞ্চে পরিবেশিত হয় ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী কথক, মনিপুরী, ভরতনাট্যম ও রাগ। ইমনের সুরে রাগসঙ্গীত দর্শক দারুণ উপভোগ করেছেন।
পাশাপাশি ছিল ক্লাসিক্যাল ফিউশন, যেখানে আধুনিকতার সঙ্গে মিলেমিশে উঠে আসে শাস্ত্রীয় ধারার অন্যরকম এক সৌন্দর্য। বিপার কর্মকর্তারা বলেন, প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও শাস্ত্রীয় শিল্পের শেকড়ের সঙ্গে পরিচিত করা আমাদের মূল লক্ষ্য।শুভেচ্ছা বক্তব্য দেন বিপার অন্যতম প্রতিষ্ঠাতা সেলিমা আশরাফ ও নিলোফার জাহান।
শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অসাধারণ শিল্পোৎসব। দর্শকদের সামনে উপস্থাপিত হয় শাস্ত্রীয় নৃত্য, রাগসঙ্গীত ও ফিউশন পরিবেশনার সমন্বয়ে সমৃদ্ধ এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিজ্ঞতা, যেখানে ছিল ছন্দ, সুর এবং তাল মিলিয়ে শিল্পের মোহময় আলোছায়া।অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা বিমুগ্ধ হয়ে প্রশংসা করেন এই ব্যতিক্রমী আয়োজনের, যা প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতির শক্তিশালী অস্তিত্বকে আবারও দৃঢ়ভাবে তুলে ধরে।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)