বাংলাদেশ প্রতিবেদন : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
করোনা মহামারির ধকল অনেকটাই কাটিয়ে উঠেছে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি। নতুন স্বাভাবিকতায় বারোয়ারী অনুষ্ঠানের হিড়িক পড়েছে এখন। নির্মল বিনোদন কোথাও কোথাও রূপ নিয়েছে ব্যবসায়িক ধান্ধায়। দু’বছরের বিরতি শেষে গ্রীষ্মের শুরুতে পথমেলার আয়োজন চলছে সিটির বাংলাদেশী অধু্যুষিত বিভিন্ন এলাকায়। সাধারণ প্রবাসী বাংলাদেশী পরিবারের অনেকেই পথমেলায় অংশ নেন। পৃষ্ঠপোষকতাও করেন অনেকে।
এবার মৌসুমের শুরুতে জ্যামাইকা বাংলাদেশ পথমেলা-২০২২ এর আয়োজন করে সম্পূর্ণ নতুন জ্যামাইকা বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন। বাংলাদেশের অসহায় পথশিশুদের সাহায্যার্থে গত ২৯ মে রোববার জ্যামাইকা হিলসে অনুষ্ঠিত মেলা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এ নিয়ে বাদ-প্রতিবাদের ঝড় বইছে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে। ফেইসবুক সহ বিভিন্ন সোস্যাল মিডিয়া সরব হয়ে উঠেছে। জ্যামাইকা বাংলাদেশ মেলাকে কেন্দ্র করে আয়োজক সংগঠন ব্যাপক অনিয়ম ও প্রতারণার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের মাঝ থেকে। বিশেষ করে মেলায় কনকচাঁপা, রথীন্দ্রনাথ রায় সহ যে সকল শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন বলে বিজ্ঞাপন দেয়া হয় পত্রিকায় কার্যত তাদের কেউ সঙ্গীত পরিবেশন করেননি। আর স্থানীয় যে সকল শিল্পী গান গেয়েছেন তাদের নূন্যতম কোন সম্মানী দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন অনেক শিল্পী। মেলায় অর্জিত সমুদয় অর্থ বাংলাদেশের পথ শিশুদের জন্য পাঠানো হবে এমন অজুহাতে শিল্পীদেরকে বিমুখ করা হয়েছে।
সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটেছে র্যাফেল ড্র নিয়ে। মেলায় র্যাফল ড্র’তে ‘ব্র্যান্ড নিউ গাড়ি’ থাকবে প্রথম পুরস্কার হিসেবে সাংবাদিক সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়। কিন্তু মেলার দিন গাড়ির কোন অস্তিত্ব ছিলো না। মেলায় ৫ ডলার মূল্যে স্বাভাবিক র্যাফল ড্র’র টিকিট বিক্রি করা হলেও শেষ পর্যন্ত কোন র্যাফল ড্র অনুষ্ঠিত হয়নি। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা চলবে এমন ঘোষণা থাকলেও ৭টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায় পুলিশের নির্দেশে। ফলে পুরষ্কার ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে র্যাফেল টিকিট ক্রয়কারীদের। দুর্দিনে বাজারে ৫ ডলারই বা কম কিসে? এছাড়া মেলায় যেসকল ভিআইপি অতিথি থাকবেন বলে ফোনে জানিয়েছিলেন আয়োজক, তাদের কারো দেখা মেলেনি মেলায়। কাঙ্খিত দর্শক শ্রোতার অভাবে স্টলগুলো ব্যবসায়িকভাবে মার খেয়েছে এমন অভিযোগ অনেকের। জ্যামাইকা বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন সম্পূর্ন নূতন একটি সংগঠন।
২৯ মে’র মেলাকে উপলক্ষ্য করে রাতারাতি সংগঠনটির গোড়াপত্তন ঘটান কমিউনিটির পরিচিত মুখ নাসির আলী খান পল। এজন্য তিনি বাংলাদেশের ‘পথশিশুদের সাহায্যার্থে’ শ্লোগানটি সামনে নিয়ে আসেন। গত ৭মে, জ্যামাইকার ষ্টার কাবাবে সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিকের কার্যক্রম ঘোষণা দেন নাসির আলী খান পল। জ্যামাইকা পথমেলার বাজেট ৫০হাজার ডলার বলে জানান তিনি। মেলায় ১০/১২ হাজার মানুষ অংশ নিবেন। পৃষ্ঠপোষক ছাড়াও মেলায় অংশ গ্রহণকারীদের নিকট থেকে ১ ডলার করে অনুদান নেয়া হবে পথশিশুদের জন্য। সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন এবং এর কর্মকর্তাদের পরিচিতি সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে পারেননি পল খান। আসলে মেলাকে সামনে রেখে নিবন্ধিত সংগঠনটি একান্তভাবেই তার নিজস্ব। ব্যাংক একাউন্টিও তার হাওলায়। তিনি ছাড়া এ সংগঠনের দ্বিতীয় কোন কর্মকর্তার নাম সংবাদ সম্মেলনে বলতে পারেননি পল খান।
মেলার বিজ্ঞাপনে কমিউনিটির বিশেষ করে জ্যামাইকার পরিচিত অনেকের নাম সেঁটে দিলেও তাদের সিংহভাগ মানুষ এব্যাপারে কিছু জানতেন না। ফলে অনেকেই তাদের নাম বিজ্ঞাপন থেকে প্রত্যাহার করতে বলেন। এসব নিয়ে বিপাকে পড়েন আয়োজক। অনেকের সাথে গরম বাক্য বিনিময় হয়। এজন্য প্রতিদিনই কর্মকর্তাদের নামের পরিবর্তন লক্ষ্য করা যায় বিজ্ঞাপনে। পৃষ্ঠপোষকদের তালিকায় শোভা পাচ্ছে এমন অনেকে বিস্ময় প্রকাশ করেন বিজ্ঞাপনে তাদের নাম দেখে। তারপরও পথকলিদের কথা শুনে অনেকে মোটা অংকের অনুদান দিয়েছেন বলে বাজারে চাউর আছে। মেলাতে আশানুরূপ জনসমাগম না হওয়ায় পৃষ্ঠপোষকগণও হতাশ, অখুশী। সবকিছু মিলিয়ে জ্যামাইকা বাংলাদেশ পথমেলা নিয়ে আগে থেকেই বিভ্রান্তি ও ধূম্রজালের সৃষ্টি হয়। যার চূড়ান্ত বর্হিপ্রকাশ ঘটে মেলার দিন অনিয়মের মধ্য দিয়ে।
যারা আয়োজকের ঐকান্তিক অনুরোধে বিভিন্নভাবে সহযোগিতা করেন তারাও এখন ক্ষুব্ধ। জ্যামাইকায় বাংলাদেশের পথশিশুদের নামে ব্যক্তিবিশেষ মেলা আয়োজন করে পার পেয়ে যাবে এমনটি হবে না বলে মন্তব্য করেছেন অনেকে। অচিরেই এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। তাদের মতে পল খান একক সিদ্ধান্তে সবকিছু করেছেন। পুরো হিসেব-নিকেষ তার কাছে। পথশিশুদের সাহায্যের আড়ালে বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ করেছে বলে তাদের ধারণা। ফলে পথশিশুদের জন্য আয়োজিত পথমেলা পথ হারিয়ে এখন বিপাকে। জ্যামাইকাবাসী চান পথকলিদের নামে সংগৃহীত অর্থের হিসাব ও স্বচ্ছতা।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)