বাংলাদেশ রিপোর্ট | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস নতুন অর্থবছরের বাজেটে ডে-কেয়ার প্রোগ্রাম ও ইয়ুথ সার্ভিস থেকে ২৫০ মিলিয়ন ডলার হ্রাস করার প্রস্তাব দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন। বিভিন্ন অধিকার সংগঠন মেয়রের উদ্যোগের বিরোধিতা করে বলেছে যে, এর ফলে সিটিতে বসবাসকারী কর্মজীবী পরিবারগুলো নিউইয়র্ক ছেড়ে অন্যত্র চলে যেতে পারে, যেখানে প্রি-স্কুল প্রোগ্রাম অপেক্ষাকৃত সুবিধাজনক। মেয়র প্রি-স্কুল খাতে প্রতি শিশুর জন্য সপ্তাহে ৫৫ ডলার ব্যয় কমিয়ে সপ্তাহে ৫ ডলারে নামিয়ে আনায় কর্মজীবী অভিভাবকরা তাদের শিশু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিপদে পড়তে যাচ্ছে। একশটির অধিক অধিকার সংগঠনের একটি কোয়ালিশন মেয়রের উদ্যোগের বিরুদ্ধে তাদের আপত্তি এবং এসব সেবা বহাল রাখার পক্ষে তাদের বক্তব্য মেয়রের অফিসে পাঠিয়েছেন মর্মে নিউইয়র্ক ডেইলি নিউজের এক রিপোর্টে বলা হয়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, নিউইয়র্ক সিটিতে বসবাসকারী প্রতি ১০টি পরিবারের মধ্যে ৮টিই চাইল্ড কেয়ার অথবা প্রি-স্কুলের ব্যয় বহন করতে অসমর্থ। সিটিজেন’স কমিটি ফর চিলড্রেন অফ নিউইয়র্কের ‘ক্যাম্পেইন ফর চিলড্রেন” কর্মসূচির প্রবক্তারা বলেছেন যে, মেয়রের বাজেট কাটের ফলে শিশু সেবার পরিস্থিতি মন্দ থেকে শোচনীয় হয়ে পড়বে। তারা মেয়রকে এ ধরনের খাতে ব্যয়বরাদ্দ হ্রাস না করার জন্য আহবান জানিয়েছেন। তারা বলেন, সিটির বাসিন্দাদের একটি বড় অংশই নিম্ন আয়ের এবং তাদের পক্ষে প্রি-স্কুল প্রোগ্রামের ব্যয় বহন করা সম্ভব নয় এবং এতদিন যাবত পরিবারগুলো যে সুবিধা পেয়ে আসছিল, তা হঠাৎ করে হ্রাস পাওয়া বা বন্ধ হয়ে গেলে তারা তাদের সন্তানদের সুষ্ঠুভাবে বেড়ে উঠায় সহায়তা করতে পারবে না। ফলে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার বিরাট আশঙ্কার সৃষ্টি হবে বলেও তারা মত প্রকাশ করেছেন।
মেয়র এরিক অ্যাডামস এর আগে গত নভেম্বর মাসে প্রি-স্কুল বাজেট থেকে ১২০ মিলিয়ন ডলার হ্রাস করার প্রস্তাব দিয়েছিলেন, তখনই অভিভাবক ও অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রবল আপত্তি উঠেছিল, সম্প্রতি তিনি এই খাত থেকে আরো ৫০ মিলিয়ন ডলার হ্রাস করার প্রস্তাব দেয়ায় অভিভাবক ও শিশু অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে আপত্তি আরও জোরদার হয়েছে। কারণ যখন প্রি-স্কুল প্রোগ্রামের জন্য আবেদন করার সময় ঘনিয়ে এসেছে ঠিক তখনই মেয়র বাজেট হ্রাসের প্রস্তাব দিয়েছেন। এছাড়া তিনি মিডল স্কুল শিক্ষার্থীদের অত্যন্ত জনপ্রিয় সামার প্রোগ্রাম থেকে প্রায় ২০ মিলিয়ন ডলার হ্রাস এবং ‘কম্পাস’ নামে একটি আফটার স্কুল প্রোগ্রাম থেকে ৭ মিলিয়ন ডলার হ্রাস করার প্রস্তাব দিয়েছেন। এ দুটি কর্মসূচি থেকে সিটির সাড়ে তিন হাজারের অধিক তরুণ শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ লাভ করতো। এখন তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবে।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)