নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইনকের (আটাব) নেতৃবৃন্দ। এই সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা বলেছেন, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনলে ভ্রমণ সংক্রান্ত যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তারা সহযোগিতা দেবেন। সংগঠনের সদস্যভুক্ত ট্রাভেল এজেন্ট থেকে এয়ার টিকেট কেনার পরামর্শও দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটাব প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম হারুন বলেন, আমাদের ট্রাভল এজেন্ট ব্যবসা অত্যন্ত সম্মানজনক পেশা। ক্রেতা ও ট্রাভেল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে আটাব নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান কমিটি বিগত ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে। এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রত্যেক গ্রাহক যাতে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা পায় সেই দিকে গুরুত্ব দেওয়া। কোনো প্রকার অনৈতিক অনিয়ম যাতে না হয়, সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে। গ্রাহক যদি কোনো বিষয়ে কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে সাংগঠনিকভাবে খতিয়ে দেখে দোষী এজেন্সির বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান এবং আটাবকে সমৃদ্ধ করা। বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীদের সুনাম অক্ষুণ্ন রাখা। তিনি বলেন, এখনো যেসব ট্রালেভ ব্যবসায়ী আটাব-এর সদস্য হননি, তাদের প্রতি অনুরোধ- প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে সাংগঠনিক আইন মেনে সদস্যপদ গ্রহণ করুন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান আটাব এর সদস্য সংখ্যা ৩৪।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের গ্রাহকদের সম্মানের সাথে অনুরোধ করছি, যখন আপনারা এয়ার লাইন্সের টিকেট ক্রয় করবেন কিংবা ভ্রমন সংক্রান্ত যেকোন সহযোগিতার প্রয়োজন হবে, যারা আটাব এর সদস্য তাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করবেন। সেলিম হারুন বলেন, আটাব সদস্য না কিংবা আটাব এর রেজিস্ট্রেশন পাননি এমন কোনো এজেন্সির সাথে লেনদেনে যাবেন না। যদি লেনদেন করেন সেটা আপনাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। এক্ষত্রে আটাব কোনো প্রকার দায়িত্ব গ্রহণ করবে না। হজ ও ওমরা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হয়, তাও আমাদের সদস্যপদ পাওয়া এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আটাব সদস্যদের অনেকের ওমরা হজের লাইসেন্স আছে। আটাব সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে হজ ভিসার কোনো এজেন্সির কাছে কোনো কোটা নাই। ২০২১ এর পর থেকে কোন এজেন্সীকে সৌদি হজ মন্ত্রণালয় ভিসার কোটা দেয় নাই, হজে ইচ্ছুক ব্যক্তিরা ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে হজের প্যাকেজ কিনতে পারবেন, তাও ক্রেডিট কার্ড এর মাধ্যমে, কোন ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয়। আটাব এর পক্ষ থেকে অনুরোধ, আপনারা আটাবের মাধ্যমে টিকেট কিনে নিজের ভ্রমন যাত্রাকে নিশ্চিত করুন। সবসময় আটাব এর সহযোগিতা আপনাদের সাথে থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আটাব সেক্রেটারি ও স্কাইলাইন ট্রাভেলসের কর্ণধার মাসুদ মোর্শেদ, রহমানিয়া ট্রাভেলসের কর্ণধার মাওলানা এম কে রহমান মাহমুদ, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও নজরুল ইসলাম, জেড ট্রাভেলসের প্রেসিডেন্ট মাসুদ তপন, নাবিলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও আবুল কালাম আজাদ, অ্যাংকর ট্রাভেলসের কর্ণধার এ এস এম মায়েন উদ্দিন পিন্টু।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)