নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
বাংলাদেশ ডে প্যারেড নিয়ে আদালতের দারস্ত হলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাঈদ। গত বছর তার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের ব্যানারে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করা হয়েছিলো। চলতি বছরও তাদের আয়োজন করার কথা থাকলেও আগামী ১৩ এপ্রিল রোববার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ডে প্যারেড আয়োজনে রাখা হয়নি তাকে। এ কারণে শাহ শহিদুল হক সাঈদ গত ১১ মার্চ মঙ্গলবার কুইন্সের ইউএস সুপ্রিম কোর্টে পিটিশন (পিটিশন নম্বর ৭০৬৮১৮১২৫, তারিখ ১১ মার্চ ২০২৫) দায়ের করেছেন।
আদালতে দাখিল করা পিটিশনে বাদী হয়েছেন শাহ শহিদুল হক নিজে। আর একমাত্র বিবাদী করেছেন বাংলাদেশ ডে প্যারেডের সহ-আয়োজক ইন অ্যাসোসিয়েশন অব হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটসের প্রতিষ্ঠাতা ফাহাদ সোলায়মানকে। প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি প্যারেডের অন্যতম প্রধান আয়োজক। আদালতে যাওয়ার কারণ সম্পর্কে শাহ শহিদুল হক সাঈদ জানান, আমি আদালতে যেতে চাইনি। আমাকে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, গত বছর বাংলাদেশ ডে প্যারেড তার নেতৃত্বে হয়েছে। ওই প্যারেড অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলাম এ বছর বড় আকারে হবে। কিন্তু এ বছর তাকে বাদ দিয়েই একটি গোষ্ঠী ব্যক্তিস্বার্থ হাসিলে প্যারেড ছিনিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।
শাহ শহিদুল হক সাঈদ আরো অভিযোগ করেন, আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়টির সমাধান করা যেত। আমি অপেক্ষাও করেছি। কিন্তু আমার সাথে কেউ যোগাযোগ করেনি। তিনি বলেন, গত বছর প্যারেড আয়োজনে তার পকেট থেকে বিপুল অংকের অর্থ খরচ হয়েছে। কিন্তু সেই অর্থের কোনো সমাধান হয়নি। এ বিষয়গুলো পিটিশনে তুলে ধরে সবকিছুর সমাধান না পর্যন্ত প্যারেড অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চেয়েছি। আশাকরি আদালতের কাছে ন্যায় বিচার পাব। এ ব্যাপারে জানতে চাইলে প্যারেডের অন্যতম আয়োজক ফাহাদ সোলায়মান কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যতম আয়োজক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এ প্রসঙ্গে বলেন, আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে বাংলাদেশ ডে প্যারেড করতে চাই। কোনো সমস্যা থাকলে আমরা বসে সমাধানের চেষ্টা করবো। আশাকরি সবার সহযোগিতা পাব।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি এবং ইন অ্যাসোসিয়েশন অব হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে। আগামী ১৩ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে (৬৯ স্ট্রিট থেকে সকাল ৮৭ স্ট্রিট পর্যন্ত) অনুষ্ঠিতব্য প্যারেড আয়োজনে সিটি প্রশাসন থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকরা আশা করছেন, নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্যারেডে অংশ নেবেন।
Posted ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)