নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ মার্চ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউইয়র্ক সিটি হলে। অনুষ্ঠানে বিশিষ্ট কম্যুনিটি নেতা জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারকে অ্যাওয়ার্ড প্রদান করেন কাউন্সিল সদস্য জিম জিনারো।
কিন্তু তার অনুপস্থিতিতে দেলোয়াররের হাতে প্রোক্লেমেশন তুলে দেন মেজোরিটি লিডার আমান্দা ফারিয়াস। অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য ‘নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ডে ভূষিত হন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক ও সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার। উল্লেখ্য, ফখরুল ইসলাম দেলোয়ার নিউইয়র্ক সিটির পরিচিত মুখ ও বিয়ানীবাজারের কৃতি সন্তান। তিনি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও কমিউনিটি বোর্ড মেম্বার।

যুক্তরাষ্ট্রের মূল ধারার রাজনীতিতে যিনি সক্রিয়ভাবে নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। গত প্রায় দুই যুগ ধরে তিনি নিউইয়র্কে কমিউনিটি অ্যাকটিভিস্ট হিসেবে প্রবাসীদের সুখ দুখে পাশে দাঁড়িয়ে সবার আস্থা ও ভালবাসা অর্জন করেছেন। নিউইয়র্কে খ্যাতিমান বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ব্রাদার্স গ্রুপের পরিচালক ফখরুল ইসলাম দেলোয়ার। তিনি এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতাদের অন্যতম। বর্তমানে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, ‘গত দুই যুগ ধরে আমি কমিউনিটির সেবায় কাজ করছি। এই কমিউনিটিতেই আমার বেড়ে ওঠা। বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়ে মূলধারার সঙ্গে কাজ করে যাচ্ছি। কোন সম্মাননা বা পুরস্কারের আশায় নয়- মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার জন্য বড় পুরস্কার। এর পরও মূলধারায় আমাদের বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের অবদান ও শ্রমের ফল এই পুরস্কার। নিউইয়র্কের সিটি হল আমাকে ঐতিহাসিক এই দিনে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, এই অর্জন পুরো কমিউনিটির।
নিঃসন্দেহে এই পুরস্কারটি আমাকে আগামী দিনে মানুষের জন্য কাজ করায় আরও অনুপ্রাণিত করবে। এ সময় তিনি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর কাউন্সেল ম্যান জিম জিনারোকে বিশেষ ধন্যবাদ জানান। উল্লেখ্য, ফখরুল ইসলাম দেলোয়ার বিয়ানীবাজার উপজেলার খাসারীপাড়া গ্রামের শিক্ষানুরাগী ও দানবীর এবং প্রথম নির্বাচিত মেম্বার মরহুম হাজী তাহির আলীর কনিষ্ঠ পুত্র।
এদিকে গত শনিবার বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টার নির্বাহী কমিটি নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডারস প্রক্লেমেশন জ্যামাইকা মুসলিম সেন্টারের দুইবারের জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ারকে অভিনন্দন জানান।
নিউইয়র্কে ইমিগ্র্যান্ট কমিউনিটির ডেমোক্রেট দলীয় তরুণ নেতা ফখরুল ইসলাম দেলোয়ারের সম্মাননা প্রাপ্তিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড ট্রাষ্টি চেয়ারম্যান ডা: নাজমুল হাসান খান, সেক্রেটারি আফতাব মান্নানসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এছাড়া অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফখরুল ইসলাম দেলোয়ারকে অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান,বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, ডেমোক্র্যাট ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীসহ নিউইয়র্কে সাংবাদিক, সুশীল সমাজ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)