নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
পিছিয়ে পড়া বাংলাদেশিসহ সাধারণ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংগঠন বাংলাদেশি হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ-‘ভালো’।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ৩১ মে শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সে এ খাবার সংগ্রহ করেছেন বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষ। উল্লেখ্য যে, ‘ভালো’ গত পাঁচ বছর ধরে সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন সহায়তা করে আসছে। এসব খাদ্য সহায়তার মাঝে রয়েছে চাল, ডাল থেকে তেল, লবণ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাবার উপকরণ। এর ফলে আসন্ন ঈদুল আজহায় তাদের খাবারের কষ্ট অনেকখানি লাঘব হবে। খাবার সংগ্রহকারীরা ভালোকে ধন্যবাদ জানান। ব্যক্তিগত উদ্যেগে ‘ভালো’র শুরুটা হয়েছিল কোভিড মহামারির সময় থেকে।

সমাজের সাধারণ মানুষকে সহায়তার নৈতিক তাগিদ থেকেই এ সেবা চালিয়ে আসছেন তারা। তাদের এই সেবার পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।এ বিষয়ে ভালোর সিনিয়র ভলান্টিয়ার মো. জাশেম বলেন, ‘নিউইয়র্ক সিটিতে এত বাঙালি যে, আমাদের সাহায্য বা সহযোগিতা লাগে। তাদের জন্যই করা। এটা আমাদের মন থেকেই করা যাতে আমাদের কমিউনিটিটা আপলিফট হয় এবং যাতে তাদের পাশে আমরা দাঁড়ায়া থাকতে পারি।’
ভালো’র উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে দেশের তরুণ প্রজন্ম। এর মাধ্যমে তারাও আগামী দিনে সমাজের পিছিযে পড়া মানুষের উপকারে এগিয়ে আসার দীক্ষা নিচ্ছেন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা এক তরুণী বলেন, ‘সত্যিকার অর্থে আমি সাধারণত কমিউনিটিকে সহায়তা করতে পছন্দ করি। এটি খুবই হৃদয়ছোঁয়া ও সহানুভূতির মুহূর্ত।’ এক কিশোর বলে, ‘আমি এখানে এসেছি এ কারণে যে, এটি অভিজ্ঞতার এক ধরনের পূর্ণতা।’
নিউইয়র্কে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি না থাকায় বেসরকারি উদ্যেগে দেওয়া খাবার সংগ্রহ করতে দেখা যায় সাধারণ মানুষকে। ভালোর এ উদ্যোগে সম্পৃক্ত হন নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ বিষয়ে ডিস্ট্রিক্ট টুয়েন্টি থ্রির কাউন্সিল মেম্বার লিন্ডা লি বলেন, ‘তাদের এটা (খাদ্য সহায়তা) দরকার।’ তিনি আরও বলেন, নিউ ইয়র্ক সিটির অনেক বাসিন্দা এখানে জীবনযাপনের খরচ মেটাতে পারছেন না।
সবকিছু অনেক দামী হওয়ার কারণে তারা কষ্টে আছেন। ভালোর কর্মসূচিতে আসা লোকজন তাদের সর্বোচ্চটা দিয়ে সহায়তার চেষ্টা করছেন। জুমানে উইলিয়ামস জানান, ঈদ উপলক্ষে ভালোর খাদ্য বিতরণে সহায়তা করতে এসে তিনি খুবই উচ্ছ্বসিত।তিনি বলেন, কমিউনিটিকে সাহায্য করতে যতটুকু সম্ভব করা উচিত।
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)