নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ মহান বিজয় ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নিউইয়র্কের বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানগুলোর কর্মসূচীর মধ্যে রয়েছে- বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শোভাযাত্রা, আলোচনা, প্রদীপ প্রজ্জ্বলণ, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা এক অনুষ্ঠানের আয়োজন করেছে। জোটের আহ্বায়ক মিথুন আহমেদ জানান, আগামী ১৩ ডিসেম্বর শনিবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হবে।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উনবাঙাল আগামী ১৩ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১২টায় ফ্লাশিংস্থ কুইন্স পাবলিক লাইব্রেরীতে গীতি কাব্য আলেখ্য, তরুণ প্রজন্মের কন্ঠে জাগরনৈর গান, স্বরচিত কবিতা, আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন আগামী ১৫ ডিসেম্বর সোমবার বিকেল ৫টায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে বিজয় দিবসের অনুষ্ঠান করবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক মোত্তাসিম বিল্লাহ তুষার ও সদস্য সচিব রেজা আব্দুল্লাহ। নিউইয়র্ক (ইউএনএ)
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ সোসাইটি’ আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে (৮৬-২৪ হুইটনি এভিনিউ, এলমহার্স্ট) বিজয় দিবস উদযাপন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত ‘বিজয়ের গান, বিজয়ের উল্লাস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন (জেবিএ)। জ্যামাইকার ষ্টার কাবাব রেষ্টুরেন্ট মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হবে।
সম্মিলিত ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে মহান বিজয় দিবস উদযাপন করবে। এই কর্মসূচী বাস্তবায়নের জন্য শামীম আহমদকে আহবায়ক, ফরিদা ইয়াসমিনকে প্রধান সমন্বয়কারী ও পল্লব সরকারকে সদস্য সচিব করে ‘বিজয় দিবস উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), হিন্দু অফিসার্স সোসাইটি এবং লোকাল ১১৮২ যৌথভাবে বিজয় দিবস ও দিওয়ালী অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন সন্ধ্যা ৬টায় পুলিশ একাডেমীতে (১৩০-৩০ ২৮ এভিনিউ, ফ্লাসিং) এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রাজেশ শর্মা ও সাধারণ সম্পাদক রাজিব ঘোষ।
মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জ্যামাইকার ১৬৭-২০ হিলসাইড এভিনিউ ঠিকানায় বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে। এই তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জিকরুল আমিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মিয়া।
ফুলকলি ফাউন্ডেশন অব ইউএসএ ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব, যুক্তরাষ্ট্র শাখা এবং জ্যামাইকা বাংলাদেশী সিনিয়র সিটিজেন ক্লাব যৌথভাবে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করবে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা একটায় জ্যামাইকার ইকরা পার্টি হলে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘লিবারেশন ওয়ার ভেটের্যান্স ১৯৭১, ইউএসএ’ আগামী ২০ ডিসেম্বর শনিবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে। এ তথ্য জানিয়েছেন সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন। সামাজিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ বিজয় উৎসব ও শোভাযাত্রার আয়োজন করেছে ব্রঙ্কসের ১৮৯১ এমসিক্রো এভিনিউয়ের চার্চে ২০ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক সুরাইয়া আলম লাকী ও সদস্য সচিব আল-মামুন সরকার। প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করবে আগামী ২৮ ডিসেম্বর, রোববার বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি হাফিজুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু।
Posted ১২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)