বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর ডিস্ট্রিক্ট ৩৬-এর স্টেট অ্যাসেম্বলি আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক ও ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির সমর্থিত প্রার্থী ডায়ানা মোরেনো। স্বল্প ভোটার উপস্থিতিতে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী রানা আবদেলহামিদকে বড় ব্যবধানে পরাজিত করেন। বিশ্লেষকদের মতে, এই বিজয় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির রাজনৈতিক প্রভাবের আরও একটি শক্ত প্রমাণ। মেয়র মামদানি প্রকাশ্যে ডায়ানা মোরেনোর প্রতি সমর্থন জানিয়েছিলেন। মোরেনো একই সঙ্গে নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (উঝঅ) সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত।
কুইন্সের অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটির কিছু অংশ নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় মোট তিনজন প্রগতিশীল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন— ডায়ানা মোরেনো, ‘কুইন্স ফর অল’-এর প্রার্থী রানা আবদেলহামিদ এবং ‘পিপল ফার্স্ট’-এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মেরি জোবাইদা। ‘মঙ্গলবার রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডায়ানা মোরেনো মোট ৬,২০৯ ভোট পেয়ে ৭৩.৭৮ শতাংশ ভোট অর্জন করেন।
দ্বিতীয় অবস্থানে থাকা রানা আবদেলহামিদ পান ১,৪৩৫ ভোট, যা মোট ভোটের ১৭.০৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা মেরি জোবাইদা পেয়েছেন ৬৫১ ভোট, যা ৭.৭৪ শতাংশ। ইকুয়েডর থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসা ডায়ানা মোরেনো একজন পরিচিত শ্রমিক অধিকারকর্মী। তিনি বর্তমানে কুইন্সের অ্যাস্টোরিয়ায় তার সঙ্গী ও এক বছর বয়সী সন্তানের সঙ্গে বসবাস করছেন।
নির্বাচনে জয়ের পর মঙ্গলবার রাতে নিজ এলাকার জনপ্রিয় ইকুয়েডরিয়ান রেস্তোরাঁ ‘বারজোলা’-তে সমর্থকদের সঙ্গে বিজয় উদ্যাপন করেন তিনি। অন্যদিকে, রানা আবদেলহামিদ ‘কুইন্স ফর অল’ ব্যানারে নির্বাচন করে দ্বিতীয় স্থানে অবস্থান করেন। এই নির্বাচনের ফলাফল কুইন্সে প্রগতিশীল রাজনীতির শক্ত অবস্থান এবং মেয়র মামদানির সমর্থনের কার্যকারিতা আরও একবার তুলে ধরেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Posted ১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2342 বার পঠিত)