বাংলাদেশ অনলাইন | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। গতকাল (রোববার) সকাল ৮টা থেকে তারা জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা সোয়া ১১টা থেকে সড়ক অবরোধ করেন তারা। এতে জাহাঙ্গীর গেট এলাকার সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’-এর ব্যানারে বিক্ষোভকারীরা সকাল ৮টা থেকে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে তারা সড়কে বসে বিক্ষোভ করেন। এতে জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণিসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদের তিন দফা দাবি হলো- চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাদের সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যেসব আইনি কাঠামো ও একতরফা বিচারব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচারব্যবস্থা সংস্কার করতে হবে। এদিকে সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিক্ষোভকারী ব্যক্তিদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে ‘সহযোদ্ধা’র প্রধান সমন্বয়ক মো. নাঈমুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে একটি পর্ষদ গঠন করে দাবিগুলোর বিষয়ে আলাপ-আলোচনার আশ্বাস দেয়া হয়েছে।
Posted ৪:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh