নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাছিত (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মাইজভাগ গ্রামের কৃতীসন্তান আব্দুল বাছিত গত ২৮ মে সকালে ব্রঙ্কসে তার মেয়ের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা ২৮ মে পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন ২৯ মে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার আল-আমিন জামে মসজিদে। পরে নিউ জার্সির টটোয়ার মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।আব্দুল বাছিত গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। এছাড়া তিনি নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইনকের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত জীবনে তিনি ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক ছিলেন। একজন আদর্শ শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে বিশেষভাবে সমাদৃত ছিলেন। তার বহু ছাত্রছাত্রী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। তার মৃত্যুতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। কমিউনিটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, সংগঠক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে হারাল।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3051 বার পঠিত)
(2340 বার পঠিত)