বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নিউইয়র্ক সিটির ব্যস্ততম পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও তারাবির জামাতে শত শত মুসল্লির অংশগ্রহণে এক ব্যতিক্রমী ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাতে আয়োজিত এ কর্মসূচিতে ব্রডওয়ে ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকাজুড়ে প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। রমজানের পবিত্রতা ও আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সূর্যাস্তের পর উপস্থিত মুসল্লিরা সম্মিলিতভাবে ইফতার করেন। পরে এশার নামাজ শেষে তারাবির জামাতে অংশ নেন তারা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রতিবছর এই আয়োজন করা হচ্ছে।
উদ্যোক্তারা জানান, এ বছর প্রায় দেড় হাজার ইফতার প্যাকেট বিতরণের পাশাপাশি বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনের প্রায় ১,২০০ কপি বিতরণ করা হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন মুসলিম আমেরিকান কনটেন্ট ক্রিয়েটর ডধবষ খরভব, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন। অনলাইন ও সরেজমিনে কর্মসূচিটি ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা জানান, জনসমাগমপূর্ণ স্থানে তারাবির জামাতে অংশ নেওয়ার সুযোগ তাদের জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা। আয়োজকের ভাষ্য অনুযায়ী, ওই রাতে দুজন মার্কিন নাগরিক ইসলাম গ্রহণ করেন—খবরটি উপস্থিত মুসল্লিদের মধ্যে উৎসাহের সঞ্চার করে। তবে আয়োজকরা জানান, অনুষ্ঠানের মধ্যে এক অমুসলিম ব্যক্তি উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে ইসলামবিদ্বেষী মন্তব্য করেন। উপস্থিত কয়েকজন তার আচরণ ভিডিওতে ধারণের চেষ্টা করেন বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আয়োজনটির অন্তর্ভুক্তিমূলক চরিত্রের প্রশংসা করেছেন। ব্যবহারকারীরা উল্লেখ করেন, ইফতার বিতরণ সবার জন্য উন্মুক্ত ছিল এবং পথচারীরাও এতে অংশ নিতে পেরেছেন—যা নিউইয়র্কের বহুত্ববাদী সংস্কৃতির প্রতিফলন।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে মুসলিম সম্প্রদায়ের জনসমাগমভিত্তিক রমজান আয়োজন নতুন নয়। সাবেক মেয়র ঊৎরপ অফধসং-এর মেয়াদকালে টাইমস স্কয়ারে এমন কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া ওয়াশিংটন স্কোয়ার পার্কসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে দীর্ঘদিন ধরে রমজান উপলক্ষে ধর্মীয় আয়োজন হয়ে আসছে। বর্তমানে নিউইয়র্ক সিটিতে পাঁচ লাখের বেশি মুসলমান বসবাস করেন এবং রমজান মাসে তারা ইবাদত, দান-সদকা ও সংযম পালনের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)