বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দাম নিয়ে হাহাকারের মধ্যে ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট দিচ্ছেন মামদানি

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২২ মে ২০২৬

দাম নিয়ে হাহাকারের মধ্যে ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট দিচ্ছেন মামদানি

ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে টিকিট, যাতায়াত, আবাসন ও গাড়ি পার্কিং ভাড়া ব্যাপকভাবে বাড়ার অভিযোগ উঠেছে। ডায়নামিক প্রাইসিং পদ্ধতির কারণে একই ভেন্যুতেও ম্যাচভেদে টিকিটের দাম রাখা হয়েছে ভিন্ন ভিন্ন।

এর মধ্যেই বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ আগে নিউইয়র্কের বাসিন্দাদের জন্য মাত্র ৫০ ডলারে (প্রায় ৬১০০ টাকা) ১০০০টি টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

ঘোষণা অনুযায়ী– বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ইভেন্টের জন্য নিউইয়র্কের ৮০ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৫০ ডলারের এক হাজার টিকিট ছাড়া হবে। হারলেমের লিটল সেনেগাল এলাকায় এক বারে যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দলের ফরোয়ার্ড টিমোথি উইয়াহকে নিয়ে উপস্থিত হয়ে মামদানি বলেন, ‘এটিকে তুলনা করলে বলা যায়, নিউইয়র্ক সিটিতে এটি পাঁচ কাপ লাটের (জনপ্রিয় একটি কফি) দামের সমান।’

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আসনসংখ্যা প্রায় ৮২ হাজার। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আটটি ম্যাচের মধ্যে সাতটির জন্য প্রতি ম্যাচে প্রায় ১৫০টি করে টিকিট বরাদ্দ রাখা হবে। তবে ১৯ জুলাইয়ের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ এই তালিকার বাইরে থাকবে। বর্তমানে সেই ম্যাচের কিছু টিকিটের দাম প্রায় ৩৩ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে।

মেয়র আরও জানিয়েছেন, টিকিটধারীদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামূল্যের যাওয়া-আসার বাস সুবিধা থাকবে। আগামী ২৫ মে থেকে লটারির মাধ্যমে এসব টিকিট বিতরণ শুরু হবে।

এ ছাড়া টিকিট কালোবাজারি ঠেকাতে শহর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র মামদানি। তিনি বলেন, বিতরণ করা টিকিট যেন শুধুমাত্র নিউইয়র্ক সিটির বাসিন্দারাই পান এবং সেগুলো যেন ফের বাজারে বিক্রি না হয়, তা নিশ্চিত করা হবে। টিকিটগুলো হস্তান্তরযোগ্য হবে না এবং বাসিন্দাদের যাচাইয়ের জন্য নগর কর্তৃপক্ষ বিভিন্ন উপায় চালু করবে। ম্যাচের দিন বাসে ওঠার সময় সরাসরি সমর্থকদের হাতে তুলে দেওয়া হবে টিকিট। আমরা নিশ্চিত করছি, যেসব শ্রমজীবী মানুষ এই খেলাটির জনপ্রিয়তায় ভূমিকা রেখেছেন, তারা যেন খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন।

এর আগে নির্বাচনী প্রচারণার সময় মামদানি ফিফার প্রতি টিকিটমূল্য কমানোর আহবান জানিয়েছিলেন। তার দাবি ছিল– মোট টিকিটের ১৫ শতাংশ যেন স্বল্পমূল্যে স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষণ করা হয়। পাশাপাশি চাহিদাভিত্তিক টিকিটমূল্য নির্ধারণের পরিকল্পনা বাতিলের দাবিতে তিনি একটি আবেদনও করেছিলেন। তবে ৫০ ডলারের এই টিকিটগুলো সরাসরি ফিফা দিচ্ছে না। মেয়রের কার্যালয় জানায়, এগুলো এসেছে নিউইয়র্ক ও নিউজার্সির যৌথ আয়োজক কমিটির জন্য বরাদ্দকৃত টিকিট থেকে।

যদিও উচ্চমূল্যের টিকিট নিয়ে সমালোচনার মুখে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য ফিফা কিছু ৬০ ডলারের টিকিটও ছেড়েছিল। সেসব টিকিট সংশ্লিষ্ট ম্যাচে অংশ নেওয়া দলগুলোর জাতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া হয়েছে। পরে সেসব ফেডারেশন নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ঘরের মাঠে ও বিদেশে পূর্ববর্তী ম্যাচগুলোতে অংশ নেওয়া নিবেদিতপ্রাণ সমর্থকদের মধ্যে টিকিট বিতরণ করে।

প্রসঙ্গত, মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে ১৩ জুন থেকে। যেখানে ফুটবল পরাশক্তি ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ম্যাচ রয়েছে। গ্রুপপর্বে পাঁচটি, নকআউটে দুটি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজার্সির এই ভেন্যুতে।

Posted ১২:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.