নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
বিশ্বের সেরা পুলিশ বাহিনীর অন্যতম নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী কর্মকর্তা ‘ক্যাপ্টেন’ হলেন বৃহত্তর সিলেটের সন্তান মিলাদ খান। সম্প্রতি এনওয়াইপিডির পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল। সদ্য পদোন্নতিপ্রাপ্তরা হলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য মিলাদ খান। তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। এ নিয়ে চার বাংলাদেশি আমেরিকান ক্যাপ্টেন হলেন। এ ছাড়া লেফটেন্যান্ট পদে সার্জেন্ট মাহবুবুর খান সুহেল ও হাফিজ রহমান এবং পুলিশ কর্মকর্তা তানভীর চৌধুরী এবং পুলিশ কর্মকর্তা সৈয়দ শাহ সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের জয়জয়কার উল্লেখ করে বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের যোগদান বাড়ছে। বর্তমানে ৪০০ পুলিশ কর্মকর্তা রয়েছেন এনওয়াইপিডিতে। তার মধ্যে চারজন ক্যাপ্টেন, ১৫ জন লেফটেন্যান্ট, ৩৫ জন সার্জেন্ট, ১২ জন ডিটেকটিভ ও অন্যরা অফিসার পদে কর্মরত। এ ছাড়া ট্রাফিক বিভাগে ম্যানেজার ও সুপারভাইজারসহ এজেন্ট হিসেবে কর্মরত রয়েছেন আরও সহস্রাধিক। দিন দিন এই সাফল্যে নতুনরা পুলিশে যোগ দিতে উৎসাহ পাচ্ছেন। বাপার পক্ষ থেকে বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলম পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান।
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh