নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)-এর আয়োজনে মঞ্চস্থ ‘নৈঃশব্দ্য ও গোধূলির গান’ নিউইয়র্কে দক্ষিণ এশীয় ধ্রুপদী শিল্পচর্চা ও মঞ্চায়নে এক নতুন মাত্রা সংযোজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত শিল্পরসিক দর্শকরা এই ব্যতিক্রমধর্মী পরিবেশনার প্রতি উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গত ১৬ জানুয়ারি নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে অবস্থিত একটি আর্টস সেন্টারে বিপা’র নিয়মিত ‘জলসা সিরিজ’-এর অংশ হিসেবে পরিবেশিত হয় সৌধের নতুন শিল্প-প্রকল্প ‘নৈঃশব্দ্য ও গোধূলির গান’। এতে অংশ নেন বৃটেন থেকে আগত সৌধ পরিচালক, কবি ও শিল্পী টিএম আহমেদ কায়সার এবং বৃটেনের শীর্ষ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বিদুষী চন্দ্রা চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে টিএম আহমেদ কায়সার জল ও হাওরকে উপজীব্য করে গান পরিবেশন করেন।
এরপর প্রায় দুই ঘণ্টাব্যাপী ভারতীয় শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সঙ্গীত, পাশাপাশি পঞ্চকবির গানের সম্মোহনী পরিবেশনায় হলভর্তি দর্শকদের মুগ্ধ করে রাখেন বিদুষী চন্দ্রা চক্রবর্তী। সন্ধ্যা সাড়ে সাতটায় অতিথি শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেন বিপা’র অন্যতম স্তম্ভ সেলিমা আশরাফ ও নিলোফার জাহান। সোহানি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিলোফার জাহান। অনুষ্ঠানের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রগতিশীল সংস্কৃতিকর্মী ও আলোকচিত্রী মিনহাজ আহমেদ।
টিএম আহমেদ কায়সারের গানের ফাঁকে কবি জসীম উদ্দীন, সুফিয়া কামাল ও চণ্ডীদাসের কবিতা পাঠ করেন তাহারিনা পারভীন প্রীতি। পুরো অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন পিনাক পাণি গোস্বামী, কীবোর্ডে ছিলেন রিপন মিয়া। শব্দ প্রক্ষেপণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন সুমন সিংহ।
গল্পকার কুলদা রায় বিদুষী অনুষ্ঠানের শেষভাগে চন্দ্রা চক্রবর্তীর কাছে কিছু ঠুমরি ও টপ্পা গানের অনুরোধ জানান। তিনি মন্তব্য করেন, পণ্ডিত অজয় চক্রবর্তীর পর ঠুমরি পরিবেশনায় চন্দ্রা চক্রবর্তীর অবস্থান সব অর্থেই অনন্য ও অপ্রতিদ্বন্দ্বী। সমাপনী বক্তব্যে বিপা’র অন্যতম সংগঠক ও সঙ্গীত শিক্ষক সেলিমা আশরাফ বলেন, এমন অপূর্ব গান-বাজনার পর খুব বেশি কথা বলা যায় না। তবে এটুকু নিশ্চিতÑ এই শিল্পীসত্ত্বার বিনিময় ভবিষ্যতে আরো বহু আয়োজনের মধ্য দিয়ে সুদৃঢ় ও স্থায়ী রূপ পাবে।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)