বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
ছবি : সংগৃহীত
আগামী ২৩ মে’র মধ্যে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের জন্য গুয়েতেমালার বিপুল সংখ্যক নাগরিক মেক্সিকো সীমান্তে ভিড় করবে, যা ইমিগ্রান্ট নিয়ে যুক্তরাষ্ট্রের সংকটকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যানরা। টাইটেল ৪২ শিরোনামের আইন, যা ২০২০ সালের মার্চ মাসে প্রণয়ন করা হয়েছিল কোভিড ১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর, যে আইনটি জনস্বাস্থ্যের স্বার্থে সীমান্ত থেকেই অধিকাংশ অভিবাসন প্রত্যাশী বিদেশিদের বহিস্কার করার কাজে ব্যবহৃত হয়ে আসছিল, সেটির মেয়াদ আগামী ২৩ মে’র মধ্যে সমাপ্ত হবে। ন্যাশনাল বর্ডার পেট্টল কাউন্সিলের প্রেসিডেন্ট ব্র্যানডন জাড ফক্স নিউজকে বলেছেন যে গুেেতমালা থেকে যে অভিবাসী বহর যাত্রা শুরু হয়েছে, যারা ২৩ মে’র আগে বা ওই তারিখের মধ্যে সীমান্তে এসে পৌছবে।
হাউজ ওভারসাইট কমিটির রিপাবলিকান দলীয় প্রভাবশালী সদস্য কেন্টাকির জেমি কোমার, যিনি কমিটির রিপাবলিকান সদস্যদের নিয়ে চলতি সপ্তাহেই দক্ষিণ সীমান্ত সফর করেছেন, তিনি সতর্ক করেছেন যে টাইটেল ৪২ এর অবসানে সীমান্তে চরম বিপর্যয় সৃষ্টি হবে। ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন যখন মে মাসে টাইটেল ৪২ এর অবসান ঘটিয়ে অবৈধদের বহিস্কার বন্ধ করবেন তখন বিস্ময়ের কিছু থাকবে না যে, বিদেশিরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালাবে এবং বাইডেন প্রশাসন তাদেরকে স্বাগত জানিয়ে বিশ্বকে এই বার্তা প্রদান করবে যে কোনো পরিণতি ভোগ করা ছাড়াই আমাদের ইমিগ্রেশন আইন লংঘন করা যায়। প্রেসিডেন্টর উচিত টাইটেল ৪২ বহাল রাখা। তা না হলে অবৈধভাবে প্রব্শে করতে ইচ্ছুক বিদেশিরা ইউমা’য় অসমাপ্ত সীমান্ত প্রাচীরের কাছে সেলফি তুলে আমাদের ইমিগ্রেশন আইন নিয়ে মস্করা করতেই থাকবে।
উইজকনসিনের রিপাবলিকান কংগ্রেসম্যান গ্লেন গ্রথম্যান গতকাল বুধবার এই মর্মে সতর্ক করেছেন যে টাইটেল ৪২ সমাপ্ত হওয়ার অন্যতম বিপদ শুধু মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকাকে আইনগতভাবে ক্ষতিগ্রস্ত করা নয়, বরং এ আইনের অবসানে পৃথিবীকে বলা হবে যে আমরা আমাদের সীমান্ত আগলে রাখছি না, যদিও আমাদের সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয় সকল আইন আছে। তিনি বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সকলের মুখে মুখে গুজব ছড়ানো হচ্ছে যে, এখন সীমান্তে যাওয়ার সময়, সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রয়োজন। টাইটেল ৪২ নিয়ে তিনি কী করবেন তার চেয়ে বড় কথা সীমান্ত সুরক্ষার ব্যাপারে তিনি কঠোর নন।
ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়োন ডোনাল্ডস বলেন টাইটেল ৪২ এর আনুষ্ঠানিক অবসানের অর্থ হচ্ছে আমেরিকার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ওপর নগ্ন হামলা। এটি সমাপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ বিদেশি সীমান্তে ভিড় করবে, যাদের মধ্যে মানব ও মাদক পাচারকারীসহ সকল ধরনের অপরাধীরা অন্তর্ভূক্ত, যারা সীমান্তের ওপারে ওৎ পেতে আছে ২৩ মে’র জন্য।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh