বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা মুসলিম সেন্টার

যুক্তরাষ্টে ঈদুল ফিতর উদযাপন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যুক্তরাষ্টে ঈদুল ফিতর উদযাপন

জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে বক্তব্য রাখছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। 

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা একই দিনে ঈদ উদযাপন করেছেন। বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ২০ মার্চ শুক্রবার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসবের আমেজে দেশজুড়ে ঈদের নামাজে অংশ নেন প্রবাসী মুসলমানরা। খুতবায় ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক সম্প্রীতির গুরুত্বের ওপর জোর দেন ইমামগণ। নামাজ শেষে মিলাদ ও বিশেষ দোয়ায় মুসলিম উম্মাহর শান্তি, বিশ্ব মানবতার কল্যাণ এবং বৈশ্বিক সংকট থেকে মুক্তি কামনা করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল ৮টা থেকে শুরু হয় জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলে সকাল ১১টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। স্কুল বন্ধ থাকায় নতুন প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নিউইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এছাড়া জ্যামাইকার অন্যান্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, অ্যাস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জ্যামাইকা মুসলিম সেন্টার

সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে মসজিদ ভবনে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টায়। এতে ১০-১২ হাজার নর-নারী ঈদের জামাতে অংশ নেন বলে সংশ্লিষ্টরা দাবি করেন। সিটি মেয়র জোহরান মামদানি, সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন, স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো এবং কুইন্স পুলিশ বিভাগের কর্মকর্তারা ঈদের জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও আসন্ন স্টেট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জেএমসিতে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানবজাতির সুখ-সমৃদ্ধি কামনা, যুদ্ধ নয় শান্তি এবং ফিলিস্তিনসহ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া করা হয়।

জেএমসি’র তিনটি জামাতে সর্বস্তরের হাজার হাজার শিশু-কিশোর-কিশোরী, নর-নারী এবং বয়োবৃদ্ধরাও অংশ নেন। ভবনের অভ্যন্তরসহ জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রিট তথা জেএমসি ওয়ের উপর খোলা রাস্তায়ও অনেকে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জেএমসিতে প্রথম জামাতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, দ্বিতীয় জামাতে ইমামতি করেন জেএমসি’র অন্যতম পরিচালক ইমাম শামসে আলী এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। এসময় জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন বক্তব্য রাখেন। পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার। এসময় জেএমসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে মুসল্লিদের মাঝে হালকা খাবারও পরিবেশন করা হয়।

ঈদের নামাজ শেষে মসজিদের বাইরে হাজার হাজার মুসল্লির মধ্যে মিষ্টি, সিঙ্গারা ও চা বিতরণ করা হয়। ঈদের আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে এই আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ‘অল কাউন্টি হোম কেয়ার’ ও ‘নবান্ন রেস্টুরেন্ট’-এর কর্ণধার ও সিইও কমিউনিটির মোহাম্মদ কাদের শিশির (সিআইপি)। খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ইংরেজি ম্যাগাজিন ‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’-এর প্রধান সম্পাদক এবং প্রিন্টিং প্রতিষ্ঠান আইজে ক্রিয়েটিভ সল্যুশনস-এর সিওও মুহাম্মদ কামরুল ইসলাম সনিসহ স্বেচ্ছাসেবকগণ।

জ্যামাইকায় অবস্থিত দারুস সালাম মসজিদ : এখানে পবিত্র ঈদুল ফিতরের চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জামাতগুলো সম্পন্ন হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আবুল মুকিত। দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহমুদ, তৃতীয় জামাতে হাফেজ মাওলানা মোহাম্মদ আলী এবং চতুর্থ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আবরার আহমেদ।

মসজিদ আর-রাইয়ান : ঈদুল ফিতর উপলক্ষে জ্যাকসন হাইটস মসজিদ আর-রাইয়ান এ দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় সকাল সোয়া ৮টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৯টায়।

আমেরিকা মুসলিম সেন্টার : জ্যামাইকার আমেরিকা মুসলি সেন্টার (এএমসি)’র উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয় এএমসি ভবনে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সকাল সাড়ে ১০টায় এবং পঞ্চম জামাত বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয়। এএমসি’র ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় জামাত স্থানীয় রুফস কিং পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঠান্ডা জনিত কারণে পার্কের স্থলে মসজিদ ভবনেই জামাত অনুষ্ঠিত হয়। এজন্য পূর্ব ঘোষণা না থাকায় অনেক মসল্লী পার্কে এসে বিভ্রান্তির মধ্যে পড়লেও তারা মসজিদে এসে নামাজ আদায় করেন। এব্যাপারে এএমসি’র অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ রফিকুল ইসলাম জানান, আমরা পার্কে নামাজ আদায়ের জন্য অনুমতিও পেয়ছিলাম। কিন্তু ঠান্ডার কারণে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়নি। তবে এতে যারা অসুবিধার সম্মুখিন হয়েছেন তাদের কাছে দু:খ প্রকাশ করেন তিনি।

আবু হুরায়রা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন অ্যাটর্নি মঈন চৌধুরী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী স্থানীয় আবু হুরায়রা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। ২০ মার্চ শুক্রবার সকালে মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি নামাজে অংশ নেন। নামাজ শেষে অ্যাটর্নি মঈন চৌধুরী উপস্থিত মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন। এ সময় তিনি প্রবাসীদের সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাতে শরিক হন।

বায়তুল মামুর মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

সিটির ওজনপার্কে বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত ঈদ জামাতে প্রায় দশ হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি জামাতের আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া ডেপুটি মেয়র ফোস্টার, অ্যাসেম্বলীম্যান এরিক ডেলান, ইন্সপেক্টর ডায়ন হিন্ডস ও মসজিদ পরিচালনা কমিটির প্রেসিডেন্ট ও মুনা’র এক্সিকিউটিভ সেক্রেটারী আরমান চৌধুরীও বক্তব্য রাখেন। জামাতে ইমামতি করেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন মসজিদের ভাইস প্রেসিডেন্ট মোশাররফ মাওলা সুজন, সেক্রেটারী হাফেজ আব্দুল্লাহ আরিফ ও ড. জাহাঙ্গীর কবির।

জ্যাকসন হাইটসে মুনা সেন্টারে ২টি ঈদ জামাত

নিউইয়র্কে বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ৩৫-৩৫, ৭১ ষ্ট্রিটে অবস্থিত মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসেিজদের ইমাম মাওলনা অলিউর রহমান সিরাজী দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মু. ফখরুল ইসলাম মাছুম। এর আগে উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির। বিপুল সংখ্যক মুসল্লিদের মধ্যে মহিলা ও শিশুকিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন।

উডসাইড মসজিদে ৩টি ঈদ জামাত

উডসাইড বায়তুল জান্নাহ জামে মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল পোনে ১০টায়। তিনটি জামাতে দুই হাজারের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। তৃতীয় জামাতে মহিলা মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মসজিদ মিশন : নিউইয়র্কে হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন-এর উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল পৌন ১০টায়।

অ্যাস্টোরিয়ায় আল-আমিন জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার : আল-আমিন মসজিদে এবারের পবিত্র ঈদুল ফিতরের জামাত ঠান্ডা আবহাওয়ার কারণে মসজিদের ভেতরে তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের সুবিধা ও নিরাপত্তা বিবেচনায় সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম জামাত, ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় জামাত এবং ৯টা ৩০ মিনিটে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়। তিনটি জামাতে ইমামতি করেন যথাক্রমে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইমাম মাওলানা মো. নেচার আহমদ এবং হাফেজ নুরুল আলম।

আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে জ্যামাইকার সুজান বি. অ্যান্থনি মাঠে শীতের কারণে বাইরে ঈদ জামাত হয়নি। ফলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় পাঁচটি। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায়, চতুর্থ জামাত দশটায় এবং পঞ্চম জামাত ১১টায় অনুষ্ঠিত হয়।

জ্যামাইকার ইকনা মসজিদে ঈদের দুটি জামাতের ব্যবস্থা করা হয়। প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয়।

মদিনা মসজিদ : সিটির অন্যতম পুরাতন মসজিদ ম্যানহাটনের ‘মদিনা মসজিদ’ হিসেবে পরিচিত ইসলামিক সেন্টার অব আমেরিকার উদ্যোগে মসজিদ ভবনে ঈদের ২টি জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল সোয়া ৯টায়।

মুনা সেন্টার অব নিউইয়র্ক : ওজন পার্কের অন্যতম বৃহৎ মসজিদ মুনা সেন্টার অব নিউইয়র্ক-এর উদ্যোগে নিজস্ব মসজিদ ভবনে দুটি ঈদের জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়।

পার্কচেস্টার জামে মসজিদ : ব্রঙ্কসের অন্যতম পার্কচেস্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত হয় যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায়।

বাংলাবাজার জামে মসজিদ : ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় পিএস ১০৬ স্কুলের প্লে-গ্রাউন্ডে যথাক্রমে সকাল সোয়া ৮টায় ও সকাল ৯টায়।

বাংলাদেশ মুসলিম সেন্টার : ব্রুকলিনের অন্যতম বৃহৎ মসজিদ বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের একটি জামাত হয় সকাল সাড়ে ৮টায়।

বায়তুল জান্নাহ জামে মসজিদ : ব্রুকলিনের বায়তুল জান্নাহ জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে খোলা রাস্তায় একটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়।

রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার : সাউথ জ্যামাইকার রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ৪৮ স্কুল গ্রাউন্ডে একটি ঈদের জামাত হয়।

মসজিদ ইয়াসীন : কুইন্স ভিলেজের মসজিদ ইয়াসীনে দুটি ঈদের জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

আল কুবা ইসলামিক সেন্টার : আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে মসজিদের ভিতরে একটি ঈদের জামাত হয় সকাল আটটায়। এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়, কলোরাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, মেরিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলাইনা, ওয়াশিংটন ও কেন্টাকির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার এবং দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.