Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিএসসিএ আয়োজিত ঠিকানা ফুটবল লীগ-২০২৬

সন্দ্বীপ ইউনাইটেড চ্যাম্পিয়ন, ব্রঙ্কস ইউনাইটেড রানার্সআপ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সন্দ্বীপ ইউনাইটেড চ্যাম্পিয়ন, ব্রঙ্কস ইউনাইটেড রানার্সআপ

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা (বিএসসিএ) আয়োজিত ঠিকানা ফুটবল লীগ-২০২৬-এ সন্দ্বীপ ইউনাইটেড চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। গোলশূন্য ফাইনালের নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে সন্দ্বীপ ইউনাইটেড।

নিউইয়র্কের র‌্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। একই দিন লীগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইসাব ২-১ গোলে ওজনপার্কের ফাইটার্স ক্লাবকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। বিপুলসংখ্যক দর্শক দুটি ম্যাচ উপভোগ করেন। উল্লেখ্য, এবারের লীগে ৯টি দল অংশ নেয়। ফাইনাল খেলা শুরুর আগে অতিথি ও বিএসসিএ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রংবেরঙের একগুচ্ছ বেলুন উড়িয়ে ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ। এর আগে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

ফাইনালে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. মোহাম্মদ এনামুল হক, আব্দুল কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আবু যুবায়ের দারা এবং বর্তমান খেলোয়াড় সামিত সৌম্য। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, বিএসসিএ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান ট্রাস্টি সদস্য আব্দুর রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ট্রাস্টি সদস্য আনোয়ার হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য আজম চৌধুরী, আব্দুল হাসিম হাসনু ও মখন মিয়া, সাবেক উপদেষ্টা ছদরুন নূর, আমিনুল ইসলাম চুন্নু, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক রোকন হাকিম এবং মেডোব্রুক ফাইন্যানশিয়াল মর্টগেজ ব্যাংকার্স করপোরেশনের ম্যানেজার আকিব হোসাইন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিএসসিএ’র সভাপতি দুলাল মিয়া এনাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফ ফুটবলার সামিত সৌম্যর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে সম্মানিত করেন।

জমজমাট ফাইনাল, নিষ্পত্তি টাইব্রেকারে

র‌্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সন্দ্বীপ ইউনাইটেড ও ব্রঙ্কস ইউনাইটেডের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৬ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে ব্রঙ্কস ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সন্দ্বীপ ইউনাইটেড।তবে ম্যাচ চলাকালে একপর্যায়ে সাইডলাইনে উভয় দলের কর্মকর্তাদের অখেলোয়াড়সুলভ আচরণের কারণে রেফারি তাদের লাল কার্ড দেখান।

তৃতীয় আইসাব

ফাইনালের আগে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইসাব ২-১ গোলে ওজনপার্কের ফাইটার্স ক্লাবকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। ম্যাচটিও ছিল বেশ আকর্ষণীয় এবং আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট। খেলার প্রথমার্ধেই তিনটি গোল হয়। আইসাবের ওমর দুটি গোল করেন। বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় বিষ্ণু ফাইটার্স ক্লাবের পক্ষে একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করতে না পারায় ২-১ ব্যবধানেই ম্যাচ শেষ হয়। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি বিএসসিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ট্রাস্টি সদস্য মনজুর আহমেদ চৌধুরী, সাবেক উপদেষ্টা ছদরুন নূর, সভাপতি দুলাল মিয়া এনাম, সহসভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার ও মোহাম্মদ জুয়েল আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফ। এ সময় উপস্থিত ছিলেন বিএসসিএ’র সহকারী সাধারণ সম্পাদক এ মুকিত রিমন ও আব্দুল কাদের লিপু, কোষাধ্যক্ষ মেহরাজ হোসেন ফাহিম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, দপ্তর সম্পাদক রাহুল বড়ুয়া এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর হোসেন জয়নুল, ইকবাল আহমেদ খোকন, সাইদুল ইসলাম রিয়াদ, অনু ইমতিয়াজ কবীর ও মোহাম্মদ শওকত।

লীগে রাইজিং স্টার নির্বাচিত হয়েছেন ১২০ এফসির মশিউর রহমান, ফাইটার্স ক্লাবের তাহসিন, আইসাবের আতাউল এবং সোনার বাংলার আরাফাত। মোস্ট ডিসিপ্লিনড টিম হয়েছে ১২০ এফসি। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ ইউনাইটেডের রাইয়ুস। ফাইনালের এমভিপি হয়েছেন সন্দ্বীপ ইউনাইটেডের তাজওয়ার।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের এমভিপি ও ১৬ গোল করে টপ স্কোরার হয়েছেন আইসাবের ওমর। সেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন গার্ডেন স্টেট (নিউজার্সি)। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে সন্দ্বীপ ইউনাইটেড এবং সেমিফাইনালের এমভিপি হয়েছেন ব্রঙ্কস ইউনাইটেডের লুৎফুল করীম। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.