বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) নিউইয়র্কের অন্যতম একটি সামাজিক সংগঠন। স্থানীয় বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সংগঠনটি। ‘ব্যাক টু স্কুল সাপ্লাই’ বিতরণ এমনি একটি কার্যক্রম। অতীতের ধারাবাহিকতায় এবার গ্রীস্মের ছুটি শেষে স্কুলে ফিরে যাওয়া শিক্ষার্থীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ করবে।
এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জ্যামাইকার ১৬৫ হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে ২১ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় জেবিএফএস বিতরণ করবে স্কুল সাপ্লাই। বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন শিক্ষার্থীদের অভিভাবকগণ। এছাড়া থাকবে শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক অনুষ্ঠান। হালকা নাশতার ব্যবস্থাও থাকবে বলে জানান জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। এ অনুষ্ঠান উপলক্ষে ইকবাল আহমদকে আহবায়ক, রাশেদুজ্জামান মিয়া হিমুকে সদস্য সচিব ও ইসমাইল হোসেন স্বপনকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানে সহযোগিতার ঘোষণা দিয়েছে।
জ্যাকসন হাইটসে ‘মা ফাউন্ডেশন’র ২১ আগস্ট
নিউইয়র্ক : সামার ছুটি শেষে নতুন শিক্ষাবর্ষে স্কুল খোলাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করবে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মা ফাউন্ডেশন ইউএসএ’। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্ল্যাজায় আগামী ২১ আগস্ট বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতিতে সহায়তা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহে পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ কর্মসূচিতে সহযোগিতায় থাকবে 1st Aide Home Care। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রায় ৪শ স্কুল সামগ্রী তুলে দেবেন ‘Maa Foundation USA a non profit Organization 501 (c) (3) Approved’ এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট ড. জিসি প্যাট এবং ভাইস প্রেসিডেন্ট শাহজাদী পারভিন সারাহ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ২৫-এর কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য বিতরণ করা সামগ্রীর মধ্যে থাকবে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নতুন শিক্ষাবর্ষে স্কুলে ফেরার সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে 1st Aide Home Care এবং ‘মা ফাউন্ডেশনের’ এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে শিশু-কিশোরদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন তারা।
আয়োজকরা জানান, স্কুলে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে কমিউনিটির শিশুদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
২১ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে জ্যাকসন হাইটস ও আশপাশের এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ, খাতা, কলম-পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া ফ্রি আইসক্রিমও বিতরণ করা হবে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।নতুন শিক্ষাবর্ষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের স্কুলজীবনের নতুন যাত্রাকে আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক করে তুলতেই এই আয়োজন বলে জানিয়েছেন মা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্টরা।
Posted ১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3118 বার পঠিত)
(2712 বার পঠিত)