বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
বক্তব্য রাখছেন নিউইয়র্ক কনস্যুলেটের কন্সাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সব বাঙালি এই দিনটি উদযাপন করে। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। নতুন বছরের শুরুতে নতুন করে জীবনকে সাজিয়ে নেওয়ারও এক অনন্য উপলক্ষ।নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ ১৪৩৩।
“ঐক্যের সুতায় নকশী গাঁথুন, নতুন বছরে আনন্দে বাঁচুন”-এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার (JAAA) উদ্যোগে গত ৩ মে রোববার নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের।
অনুষ্ঠানে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এবারই প্রথমবারের মতো অংশ নেয় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই পরিবারের আয়োজনে বাহারি ভর্তা-ভাজি ও ইলিশের সমাহারে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবার।

ঢোলের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উৎসবের আহ্বায়ক মেঘনা পাল ও সদস্য সচিব প্রশান্ত মল্লিক অয়ন। এ সময় অংশগ্রহণকারী অ্যালামনাইদের উপস্থিতিতে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের লাল ইট যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই প্রতিচ্ছবি হয়ে উঠেছিল।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহফুজুল হক এবং অল কাউন্টি হেলথ কেয়ারের চেয়ারম্যান শিফা আমিন।
অনুষ্ঠানের শুরুতেই “আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে” গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন জাহাঙ্গীরনগর অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যরা। শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক মেঘনা পাল, সদস্য সচিব প্রশান্ত মল্লিক অয়ন এবং যুগ্ম আহ্বায়করা। তারা হলেন-এম এস আলম (ঢাবি), ফতেনূর আলম বাবু (রাবি), সাবিনা শারমিন নিহার (চবি), বেলায়েত চৌধুরী (সাস্ট), এম এ রশিদ (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) এবং রাজ্জাক চোকদার।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী বাঙালি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নববর্ষ সম্মাননা প্রদান। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত কবি, শিক্ষাবিদ, অনুবাদক ও শব্দ-কারিগর শামস আল মমীনকে।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা থেকে শামস আল মমীন দীর্ঘদিন ধরে কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতির আলো ছড়িয়ে যাচ্ছেন। তাঁর লেখনীতে উঠে আসে মানুষের অনুভূতি, প্রবাসজীবনের গল্প এবং দেশাত্মবোধের গভীর টান, যা পাঠকদের মধ্যে বিশেষ আবেদন তৈরি করেছে।
সাংস্কৃতিক পর্বে প্রথমে দলীয় পরিবেশনা নিয়ে হাজির হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অ্যালামনাই সদস্যরা সমবেত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে একে একে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।সবশেষে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী রেশমী মির্জা। পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল ফোরটিন।
Posted ১:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)