বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে, যারা রাস্তার পাশে গাড়ি পার্ক করেন তাদেরকে সপ্তাহে দু’দিন গাড়ি সরিয়ে নিতে হবে, যাতে রাস্তা পরিচ্ছন্ন করতে কোনো সমস্যা না হয়। রাস্তা পরিস্কার করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হলে বা কেউ নির্দেশ অগ্রাহ্য করলে তাদেরকে পার্কিং টিকেট দেওয়া হবে। সিটির নির্দেশে বলা হয়, করোনা মহামারীর কারণে সিটির অনেক নিয়ম বদলে গিয়েছিল অথবা সেসব নিয়ম-রীতি কার্যকর করা বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে এবং নিয়মগুলো পুনরায় চালু করা অপরিহার্য হয়ে পড়েছে। ২০২০ সালের মার্চ থেকে শুরু করে পুরো করোনাকালে রাস্তাগুলো পরিস্কার করা হতো সপ্তাহে দুইদিনের পরিবর্তে একবার, এখন তা আগের নিয়মে ফিরে যাবে।
সিটি মেয়র এরিক অ্যাডামস গত সোমবার এ সংক্রান্ত ঘোষণা করলেও এর ফলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যেসব নিউইয়র্কারের গাড়ি আছে, কিন্তু পার্কিং নেই তাদের গাড়ি রাখা নিয়ে সিটির সঙ্গে বিরোধ লেগেই আছে। কিন্তু নোংরা রাস্তাঘাট পরিচ্ছন্ন করার দায়িত্বও এড়াতে পারে না সিটি কর্তৃপক্ষ। অতএব রাস্তার পাশে গাড়ি পার্ক করতে হলে সিটির নির্দেশনা না মেনে উপায় থাকবে না। সিটির স্যানিটেশন কমিশনার জেসিকা টিশ বলেছেন, আমরা রাস্তার প্রান্তভাগ পরিচ্ছন্ন করার জন্য উপযুক্ত উপায় উপকরণ ব্যবহার করি, যান্ত্রিক ঝাড়ু প্রয়োগ করি। আশা করি প্রতিটি নেইবারহুডে রাস্তা পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকলের সহাযোগিতা লাভ করবো।
উল্লেখ্য, রাস্তা পরিচ্ছন্ন করার জন্য রাস্তার পাশ থেকে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ড্রাইভারদের গাড়ি সরিয়ে রাখার নিয়ম কার্যকর করা হয়েছে ১৯৫০ সাল থেকে। এটি তখন থেকে প্রশংসিত হয়ে আসছে। সিটি কর্তৃপক্ষের অভিজ্ঞতা হচ্ছে, কুইন্স ও ব্রঙ্কসের ড্রাইভাররা রাস্তা পরিচ্ছন্ন করার সুবিধা দিতে কখনোই তাদের গাড়ি রাস্তার পাশ থেকে সরিয়ে নেয় না। ব্রুকলিন ও ম্যানহাটানের ড্র্ইাভার যারা রাস্তার পাশে গাড়ি পার্ক করেন তাদেরকে সপ্তাহে দু’দিন গাড়ি সরাতে হয় পরিচ্ছন্ন করার সুবিধার্থে।
অনেকে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে গাড়ি পার্ক করার আইনগত অধিকার লাভের চেষ্টা করছে। অন্যেরা রাস্তার পরিচ্ছন্ন করার সময় তাদের গাড়ি আধা ঘন্টার জন্য ডাবল পার্ক করে রাখে এবং পরিস্কার শেষ করা পর্যন্ত অপেক্ষা করে। অনেকে আবার গাড়ির মধ্যে বসে থাকে, চা কফি পান করে, ফোনে কথা বলে এবং যান্ত্রিক ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করার সময় পর্যন্ত অপেক্ষা করে। কোনো ট্রাফিক এজেন্ট এগিয়ে আসতে দেখলেই তারা গাড়ি সরিয়ে নেয়।
সাম্প্রতিক দিনগুলোতে ড্রাইভারা রাস্তার পাশ থেকে গাড়ি সরিয়ে না নেওয়ার নতুন নতুন কৌশল উদ্ভাবন করেছে। করোনাকালে নিউইয়র্ক সিটিতে গাড়ির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং বাড়ি থেকে কাজ করার সুবিধার ফলে পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় তারা আরও বেশি সময় গাড়ি রাস্তার পাশে রাখছে। পরিচ্ছন্ন করার দিনে তারা গাড়িতে এসে বসেন যাতে তাদের কোনো টিকেট দেওয়া না হয় এবং সুইপার গাড়ি চলে যাওয়া পর্যন্ত গাড়িতে বসে থাকেন। অন্যান্য তাদের গাড়ি রেখে ৬৫ ডলারের টিকেট পাওয়ার ঝুঁকি নেয়। ম্যানহাটানের ওয়েস্ট ভিলেজ ও চেলসিয়া থেকে নির্বাচিত সিটি কাউন্সিল মেম্বার এরিক বোটচার বলেছেন, রাস্তা পরিচ্ছন্ন করার সময় অবৈধভাবে পাকিংয়ের কারণে জরিমানার প্রয়োজন বৃদ্ধি করা আবশ্যকীয় হয়ে পড়েছে। তিনি এক টুইটার বার্তায় উল্লেখ করেছেন যে তার বন্ধুরা তাকে বলেছেন, মাসে চারটি টিকেট অর্থ্যাৎ ২৬০ ডলার পরিশোধ করা গ্যারাজে গাড়ি রাখার চেয়ে অনেক সস্তা।
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh