বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
করোনা ভাইরাস মহামারীকালে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ স্কুল সিস্টেম নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলো ছাত্রসংখ্যা হ্র্াস পেয়েছিল। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার আভাসের সঙ্গে সিটির পাবলিক স্কুলগুলোতে ছাত্রসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে গত মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অবশ্য রিপোর্টে একথাও উল্লেখ করা হয়েছে যে, সিটির স্কুলগুলোতে নিচের গ্রেডগুলোতে ছাত্রসংখ্যা হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে। স্কুলে ছাত্রদের ধরে রাখার হার পরিমাপ করা হয় কোনো বছর পাবলিক স্কুলগুলোতে কত সংখ্যক ছাত্র ভর্তি হয়েছে এবং পরবর্তী বছরে সেই হারে কোনো পরিবর্তন এসেছে কিনা তার ভিত্তিতে।
এই হার গ্রেড অনুযায়ী কমবেশি হয় বলে সিটির ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস সূত্র জানিয়েছে। নিউইয়র্ক সিটির ১,৮০০ এর অধিক সংখ্যক পাবলিক ও চার্টার স্কুলে ২০১৯ এর ফল সিজন এবং ২০২১ এর শেষভাগ পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ৫০,০০০ ছাত্র হ্রাস পেয়েছে। নতুন করে ছাত্র ভর্তি কমে যাওয়ার কারণেই সামগ্রিকভাবে ওই সময়ে এত বেশি সংখ্যক ছাত্র হ্রাস পায় বলে রিপোর্টে বলা হয়েছে। সিটির পাবলিক স্কুলগুলোতে বর্তমানে প্রায় ১০ লাখ ছাত্র আছে। রিপোর্টে বলা হয় যে, কম বয়সী অর্থ্যাৎ নিচু গ্রেডে, তৃতীয় গ্রেড থেকে কে গ্রেডে অধিক সংখ্যক ছাত্র হ্রাস পেয়েছে, এবং তাদের অধিকাংশই শ্বেতাঙ্গ এবং হ্রাসের হার ৪ শতাংশের বেশি। উচ্চ গ্রেডে কৃষ্ণাঙ্গ ও হিসপানিক ছাত্র বেড়েছে এবং তাদের অধিকাংশই নিম্ন আয়সম্পন্ন পরিবার এবং অস্থায়ী হাউজিং এ বসবাসবারীদের মধ্য থেকে এসেছে।
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh