নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
করোনা ভাইরাস মহামারীর কারণে সৃষ্ট আর্থিক সংকটের কারণে নিউইয়র্ক সিটির পাবলিক হাউজিং এ বসবাসকারী প্রায় ৬৮ হাজার ভাড়াটের কাছে ২০২০ থেকে ২০২১ পর্যন্ত বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৪ মিলিয়ন ডলার। এই সংখ্যা নিউইয়র্ক সিটিতে সরকারি আবাসনে বসবাসকারী পরিবারের প্রায় ৪২ শতাংশ। যুক্তরাষ্ট্রের বৃহত্তম হাউজিং ব্যবস্থাপনার পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (এনওয়াইসিএইচএ) এই বিপুল পরিমাণ বকেয়া ভাড়ার কারণে ভাড়াটেদের উচ্ছেদ না করার প্রতিশ্রুতি দিলেও যারা ভাড়া পরিশোধে ব্যর্থ হয়েছেন তাদের উৎকণ্ঠা কমেনি। অর্থনৈতিক সংকট কাটানোর উপায় হিসেবে তারা হাউজিং অথরিটির কাছে ভাড়া হ্রাস করার জন্য দেনদরবার করছেন বলে নিউইয়র্ক টাইমসের ৮ ফেব্রুয়ারির এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ভাড়াটেদের মধ্যে যারা উৎকণ্ঠিত যে ২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা কর্মচ্যুত হয়েছেন এবং অনেকে কাজে ফিরে গেলেও তাদের অধিকাংশই ঠিকমত ভাড়া পরিশোধ করতে পারেননি অথবা আদৌ পরিশোধ করার মত অবস্থায় ছিলেন না। সেজন্য তারা উচ্ছেদের আশংকা করছেন। ব্রুকলিনে হাউজিং অথরিটির রেডহুক হাউজিং এ দীর্ঘদিন যাবত বসবাসকারী এলিন ডোমিনিক বলেন, ‘আমি ভীত যে আমাকে উচ্ছেদ করা হবে। আমি জানি না যে আমি কী করবো, আমার কোথাও যাওয়ার মতো স্থান নেই। এখন বাড়ি ভাড়া যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমার পক্ষে নতুন করে বাড়ি ভাড়া করে বসবাস করা সম্ভব নয়।’ তার ভাড়া বাকি পড়েছে ৩ হাজার ডলারের বেশি।
নিউইয়র্ক স্টেটের উচ্ছেদ হাউজিং অথরিটির ভাড়াটেদের কাছে গত মাসে মধ্য জানুয়ারির পর একটি ইমেইল পাঠানো হয়েছিল, যাতে বলা হয়েছিল যে ভাড়া পরিশোধ না করায় উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু হাউজিং অথরিটির কর্মকর্তারা স্বীকার করছেন যে এত বিপুল পরিমাণ উচ্ছেদ মামলা নিস্পত্তি করা আদালতের জন্য সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং ভাড়াটেরাও ভোগান্তির শিকার হবে। সেজন্য তারা ছোট ছোট গ্রুপের ভাড়াটেদের দিকে বেশি মনোযোগ দেবেন, যাদের কাছে করোনা মহামারীর আগে থেকেই বকেয়া পাওনার পরিমাণ অধিক ছিল। হাউজিং অথরিটির আইনজীবী লিসা বোভা-হিয়াট নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘আমরা ভাড়াটে উচ্ছেদ করার বিষয়টিকে শেষ পন্থা হিসেবে গ্রহণের চিন্তা করেছি, যখন হাউজিং অথরিটির পিঠ দেয়ালে ঠেকে যাবে।’ মহামারীর কারণে যে পরিমাণ ভাড়া বকেয়া পড়েছে, সিটি হাউজিং অথরিটিকে সে দায় মেনে নেওয়ার মত অবস্থায় আসতে হবে, কারণ দৃশ্যত বকেয়া ভাড়া পুরোপুরি আদায়ের কোনো সম্ভাবনা নেই। তা সত্বেও ভাড়াটে ও আবাসন প্রবক্তাদের উদ্বেগ হচ্ছে হাউজিং অথরিটি যে কোনো সময় ভাড়াটে উচ্ছেদের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। লিগ্যাল এইড সোসাইটির আইনজীবী লুসি নিউম্যান বলেছেন, হাউজিং অথরিটির ওপর আস্থা রেখেই দেখতে হবে যে তারা ভাড়াটেদের বিরুদ্ধে কী অভিযোগ আনে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির পাবলিক হাউজিং সিস্টেমে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস, যা পিটসবুর্গ, সেন্ট লুইস ও অরল্যাণ্ডোর জনসংখ্যার চেয়ে বেশি। স্বল্প আয়ের বহু নিউইয়র্কার হাউজিং অথরিটির আবাসন সুবিধা ভোগ করেন। নিউইয়র্ক সিটির গড় পরিবারের বার্ষিক আয় যেখানে ৬৪,০০০ ডলার, সেক্ষেত্রে সিটির হাউজিং অথরিটির আবাসন সুবিধা ভোগকারী এমন পরিবারও বাস করে যাদের বার্ষিক আয় ১৬,৯৫৬ ডলার এবং তাদের গড় ভাড়ার পরিমাণ সাধারণত তাদের আয়ের ৩০ শতাংশ, অর্থ্যাৎ মাসিক মাত্র ৩৮৯ ডলার। এ পরিমাণ নিউইয়র্কার পরিবারের বর্তমান বার্ষিক গড় আয়ের ৭৩ শতাংশের নিচে। এ কারণে সিটি হাউজিং অথরিটির বাড়ি ভাড়া পাওয়ার জন্য সিটিবাসীদের আগ্রহ এতো অধিক। বর্তমানে সিটি হাউজিং এ অ্যাপার্টমেন্ট বরাদ্দ পাওয়ার জন্য অপেক্ষমান আবেদনের সংখ্যা আড়াই লাখের অধিক।
যেহেতু সিটি হাউজিং অথরিটি ভাড়াটের আয়ের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে, সেজন্য অনেক মানুষ চাকুরি হারানোর মত বিষয় হাউজিং অথরিটিকে জানানো এড়াতে চেষ্টা করে। করোনা ভাইরাস মহামারীর আগে ২০১৯ সালে সিটি হাউজিং অথরিটি ভাড়াটেদের কাছে এ ধরনের ১৭,০০০ অনুরোধ পেয়েছিল, সেই সংখ্যা ২০২০ এ ৩৭,০০০ এ উঠে এবং ২০২১ সালে তা ২৩,০০০ ছিল। বেড়ে চলা অপরিশোধিত ভাড়ার পরিমাণ সিটির হাউজিং অথরিটিকে চরম বিপদাপন্ন অবস্থার মধ্যে ফেলেছে। ইতোমধ্যে জটিল আর্থিক সংকটে পড়া হাউজিং অথরিটির পরিস্থিতি আরো সঙ্গীণ হয়ে উঠেছে। ফেডারেল সরকার থেকে কয়েক দশক ধরে হাউজিং অথরিটিতে বিনিয়োগ হ্রাস করেছে এবং হাউজিং অথরিটির নিজস্ব অব্যবস্থাপনাও প্রতিষ্ঠানটিকে অচলাবস্থার দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্য দায়ী। বলা হচ্ছে যে সিটি হাউজিং অথরিটিকে শক্ত কাঠামোর ওপর দাঁড় করানোর জন্য এবং বিদ্যমান অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোকে বাসযোগ্য করে তোলার জন্য ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন। হাউজিং অথরিটি ভাড়া হিসেবে যা পায় তা দিয়ে দৈনন্দিন পরিচালনা, মেরামত কাজের এক চতুর্থাংশ ব্যয় নির্বাহ করতে পারে। ২০১৯ সালে হাউজিং অথরিটি ১ বিলিয়ন ডলার ভাড়া আদায় করেছিল, ২০২০ সালে এই পরিমাণ ছিল ৯৬৪ মিলিয়ন ডলার এবং ২০২১ সালে তা ছিল ৯৯৮ মিলিয়ন ডলার।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh