বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ওয়াশিংটনের সিয়াটলের একজন বিচারক এ আদেশ দেন। বিচারক এই আদেশকে ‘স্পষ্টত অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক জন কফেনর এই আদেশের ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও আশ্রয়ের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্ব বাতিল করার চেষ্টায় নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব অস্বীকার করার নির্দেশ দেয়, যদি তাদের মা-বাবা কেউই আমেরিকান নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন।
ট্রাম্পের আদেশ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কোনো শিশু, যদি তাদের মা-বাবা কেউই আমেরিকান নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তাহলে তাদের কেউই বৈধ নাগরিক হবেন না। তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। আদালতের বিচারক কফেনর বিচার বিভাগের এক আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ‘আমি বুঝতে পারছি না কীভাবে একজন আইনজীবী বলতে পারেন যে, এই আদেশটি সাংবিধানিক। এটা আমাকে বিস্মিত করে।’
এ দিকে আদালতের এ আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর পক্ষে লড়ার করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও।
গত ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকার প্রশাসন পাল্টে দেবেন।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh