বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
ট্রাম্প প্রশাসন বলেছে যে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ বা তার বেশি বয়সের অনিবন্ধিত ইমিগ্রান্টদের জন্য রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে সরকারের কাছে তাদের আঙুলের ছাপও সরবরাহ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জারি করা একটি নির্দেশনায় এ তথ্য জানা গেছে। হোমল্যান্ড সিকিউরিটির একজন মুখপাত্র বলেন, ‘ট্রাম্প প্রশাসন সব অভিবাসন আইনের প্রয়োগ করবে। আমরা বেছে বেছে কোনো আইন প্রয়োগ করব না। আমাদের মাতৃভূমি ও সব আমেরিকান নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তায় আমাদের নিশ্চয়ই জানা উচিত, কে আমাদের দেশে আছেন।’
ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর ওয়েবসাইট অনুসারে, আমেরিকারর ভিসার জন্য আবেদন করার সময় ১৪ বছরের বেশি বয়সী যেসব ইমিগ্রান্ট রেজিষ্ট্রেশন করেনি কিংবা আঙুলের ছাপ দেয়নি এবং যারা ৩০ দিন বা এর বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের সবাইকে নিবন্ধন করতে হবে এবং আঙুলের ছাপ দিতে হবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, একজন অভিবাসী যখন নিবন্ধন করে আঙুলের ছাপ দেবেন, তখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিবন্ধনের প্রমাণপত্র সরবরাহ করবে।
১৮ বছরের বেশি বয়সী ইমিগ্রান্টদের সব সময় এ প্রমাণপত্র সঙ্গে রাখতে হয়। দ্বিতীয় মেয়াদে গত মাসে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ ইমিগ্রেশন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারে ইমিগ্রান্টদের নিবন্ধন নিশ্চিত করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেন। ডোনাল্ড ট্রাম্পের সরকার পূর্ববর্তী বাইডেন প্রশাসনের সিবিপি ওয়ান এন্ট্রি কর্মসূচি বন্ধের চেষ্টা করছে। এ কর্মসূচি লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিল।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh