নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, নতুন প্রজন্মের প্রতিনিধিসহ প্রবাসী কমিউনিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজামে¥ল হক। তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত রচিত হয়, যার পূর্ণতা আসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে।

তিনি ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সব শহীদ, ১৯৭১ সালের বীর শহীদ, শহীদ বুদ্ধিজীবী এবং ২০২৪ সালের জুলাইÑআগস্টের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরো বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি একটি জাতির রাজনৈতিক, মানসিক, সাংস্কৃতিক ও সামাজিক অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। মাতৃভাষায় কথা বলা, লেখা ও চর্চার অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকারÑ এ কথা উল্লেখ করে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং ২০০০ সাল থেকে তা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসীসহ দেশের সব নাগরিকের ভাষা ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা পর্বে নিউইয়র্কপ্রবাসী মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষা, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)