আনোয়ার হোসেইন মঞ্জু : | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নিউইয়র্ক প্রবাসী বিশ্ব পর্যটক হাবিব রহমান তাঁর ষষ্ঠ ভ্রমণ কাহিনি “স্বপ্ন শহর নিউইয়র্ক” এর একটি কপি তুলে দিলেন আজ। কদিন আগেই বইটি তাঁর কাছে এসে পৌঁছেছে বাংলাদেশ থেকে। হাবিব রহমানকে হাল জমানার ইবনে বতুতা বললে বাড়িয়ে বলা হবে না। ইতোমধ্যে তিনি প্রায় সবগুলো মহাদেশের শতাধিক দেশ ভ্রমণ করেছেন। ইবনে বতুতা, মার্কোপলো, হিউয়েন সাং, নিকোলাও মানুচির সঙ্গে তার পার্থক্য হলো তিনি আধুনিক যুগের ভ্রমণ সুবিধা গ্রহণ করে বিশ্বজুড়ে ঝটিকা সফর করেছেন।
অন্যেরা বিশ্বভ্রমণে বের হয়ে কেউ রাজ দরবারে চাকুরি করেছেন, সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করেছেন এবং চিকিৎসকের কাজেও নিয়োজিত হয়েছেন। কেউ কেউ বন্দী জীবনও কাটিয়েছেন। তারা তাদের কাহিনি লিপিবদ্ধ করে তাদের সময়ের বিশ্ব ব্যবস্থা, সমাজ ও রাজনীতি সম্পর্কে আমাদের জানিয়েছেন।
হাবিব রহমান যেখানে গেছেন, সেখানে তার জন্মভূমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি তার সাথে নিয়ে গেছেন বাংলাদেশের পতাকা ও পরিচয়। বিদেশে খুঁজে বের করেছেন বাংলাদেশিদের, যারা তাকে সাদরে বরণ করেছেন, আপ্যায়ন করেছেন এবং প্রবাস জীবনের সুখ-দু:খের কাহিনি শেয়ার করেছেন। তবে তার বই “স্বপ্ন শহর নিউইয়র্ক” একটু ভিন্নধর্মী। প্রবাস জীবনের প্রায় তিন দশক তিনি নিউইয়র্ক নগরীতে বসবাস করেছেন। নিউইয়র্ককে তিনি হাতের রেখার মতো জানেন।
বাংলাদেশের কেউ নিউইয়র্কে বেড়াতে এলে তাদের জন্য দর্শনীয় স্থানগুলো, অবস্থান ও খাওয়া-দাওয়া করার সুবিধাজনক স্থানগুলোর বিবরণ তুলে ধরেছেন। এমনকি বাংলাদেশি যারা এই নগরীতে দীর্ঘকাল যাবত আছেন, তাদের জন্যও এটি একটি হ্যান্ডবুকের মতো। বইটি যত্ন করে প্রকাশ করেছে সৃজন প্রকাশনী। এজন্য সৃজনকের কর্ণধার কবি জুননু রাইন ধন্যবাদ পেতে পারেন। বইটির মূল্য বাংলাদেশে ৪০০ টাকা এবং যুক্তরাষ্ট্রে ২০ ডলার।
Posted ১২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)