বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্রের ১৬তম সাহিত্য সভা। ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের গ্রীন টাচে এ সাহিত্য আসরের আয়োজন করা হয়। স্বল্প সময়ের নোটিশ সত্ত্বেও কবি, সাহিত্যিক ও আবৃত্তিকারদের আন্তরিক উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
সোহেল হামিদের উপস্থাপনায় এবং বিশিষ্ট সমাজসেবী কে. এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন সভাপতি। তিনি নতুন বাংলা বছরে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা, ছড়া, আবৃত্তি ও সাহিত্য আলোচনার মধ্য দিয়ে জমে ওঠে পুরো আয়োজন। বৈশাখকে ঘিরে স্বরচিত কবিতা পাঠ করেন সোহেল হামিদ। আবৃত্তিকার এম. এ. সাদেক ও জি. এম. ফারুক খান দুটি করে কবিতা আবৃত্তি করেন। নাসিরুল আলম পান্থ একটি ছড়া ও একটি কবিতা পরিবেশন করেন। বিশিষ্ট গায়ক ও কবি নজরুল ইসলাম দুটি স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি একটি গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র প্রেসিডেন্ট শাহ শহীদুল হক (সাঈদ) সাহিত্য বিষয়ক আলোচনায় সুস্থ সাহিত্য-সংস্কৃতির বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ সাহিত্য সভায় সাহিত্যপ্রেমী ও সাহিত্যসেবী মো. শাহ আলম প্রবাহের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বাচিক শিল্পী জি. এম. ফারুক খান বাংলা উচ্চারণ বিষয়ক একটি বিশেষ পর্ব উপস্থাপন করেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
Posted ১২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)