বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জ্যামাইায় সামাজিক সংগঠন ‘ভালো’র পথমেলা অনুষ্ঠিত হলো উৎসবের আমেজে। স্টল, শিশুদের বিনামূল্যের রাইড, বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর এ আয়োজনে ছিল দর্শনার্থীদের ভিড়। বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে মেলাটি পরিণত হয় সম্প্রীতি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক প্রাণবন্ত মিলনমেলায়।
১৯ জুন শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও ১৭৫ স্ট্রিট সংলগ্ন মেজর পার্ক এবং ১৭৩ স্ট্রিটজুড়ে এ পথমেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামসসহ, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ। তাদের স্বাগত জানান ‘ভালো’ সংগঠনের প্রধান নির্বাহী শাহরিয়ার রহমান।

শুভেচ্ছা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ভালোর প্রশংসা করে বলেন, এ সংগঠনটি মানবসেবায় বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। কম্যুনিটি সেবা এবং উন্নয়নে তাদের ভূমিকা সব সময় প্রশংসনীয়। আমি ভালোর সঙ্গে আছি এবং আগামী দিনেও থাকবো।জুমানি উইলিয়ামস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করে কম্যুনিটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, ভালো এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশ এবং সমাজকে সমৃদ্ধ করছে। মেলায় ছিল শিশুদের জন্য বিভিন্ন রাইড, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের ব্যবস্থা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খাবার, পোশাক, খেলনা, হস্তশিল্প এবং বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শতাধিক স্টল ঘিরে দর্শনার্থীদের ছিল ব্যাপক আগ্রহ। বিশেষ করে খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড় এবং উল্লেখযোগ্য বেচাকেনা।

বিকেলে আয়োজিত আলোচনা ও শুভেচ্ছা পর্বে বক্তব্য দেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নাতাশা উইলিয়ামস, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, কংগ্রেস প্রার্থী চাক পার্ক, সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, কুইন্স বরো প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাদেক, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ইলহাম একাডেমির কর্ণধার মাওলানা শহীদুল্লাহ প্রমুখ। মেলার মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রাজিব রহমান, বিউটি দাসসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।মেলায় একদিকে ছিল সঙ্গীতানুষ্ঠান, অন্যদিকে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3063 বার পঠিত)
(2440 বার পঠিত)