বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০-এর ডেমোক্রেটিক প্রাইমারিতে মাত্র ৭ ভোটের ব্যবধানে হেরে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক। দীর্ঘ পুনর্গণনার পর মাত্র সাত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্থানীয় ডিস্ট্রিক্ট নেতা এবং সাবেক কংগ্রেসম্যাান জো ক্রাউলির ভাতিজা প্যাট্রিক মার্টিনেজ।
মঙ্গলবার (১৪ জুলাই) ও বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত স্বয়ংক্রিয় পুনর্গণন শেষে মার্টিনেজ ২,৭৮৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক পেয়েছেন ২,৭৭৭ ভোট। অন্যদিকে নেপালি কমিউনিটি সংগঠক সমনাথ ঘিমিরে পান ৭১৮ ভোট।
শামসুল হকের প্রচারণা দলের আইনজীবী আলী নাজমি গণমাধ্যমকে জানান, দুটি ব্যালট নিয়ে তাদের আপত্তি থাকলেও তা নির্বাচনের ফল পরিবর্তনের জন্য যথেষ্ট নয়। নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রত্যয়নের পর বিষয়টি চূড়ান্ত হবে।
প্রাইমারিতে জয়ের ফলে মার্টিনেজ আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ব্র্যান্ডন কাস্ত্রোর মুখোমুখি হবেন। নির্বাচনে বিজয়ী প্রার্থী বর্তমান অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগার স্থলাভিষিক্ত হবেন, যিনি সম্প্রতি স্টেট সিনেট নির্বাচনে পরাজিত হয়েছেন।
বিজয়ের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্টিনেজ বলেন, প্রতিটি ভোটের সুষ্ঠু গণনার পর ডিস্ট্রিক্ট-৩০-এর ডেমোক্রেটিক মনোনয়ন পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। তিনি প্রতিদ্বন্দ্বী শামসুল হক ও সমনাথ ঘিমিরের প্রশংসা করে বলেন, তারা ইতিবাচক ও জনগণের স্বার্থভিত্তিক প্রচারণা চালিয়েছেন, যা প্রতিযোগিতাকে আরও অর্থবহ করেছে। মার্টিনেজ কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির সমর্থন পেয়েছিলেন। এছাড়া বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং অবসরপ্রাপ্ত কংগ্রেসওম্যান নাইডিয়া ভেলাজকেজের সমর্থনও ছিল তার পক্ষে।
অন্যদিকে শামসুল হক সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এটি আমার প্রত্যাশিত ফল নয়, তবে আমি এই প্রচারণা থেকে অসীম কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। যা হওয়ার, তাই হয়েছে।
উল্লেখ্য, গত মাসে নির্বাচনের রাতে মার্টিনেজ মাত্র ১৩ ভোটে এগিয়ে ছিলেন। এত কম ব্যবধানের কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন অনুযায়ী স্বয়ংক্রিয় পুনর্গণনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের পর কুইন্সে এটিই ছিল সবচেয়ে হাড্ডাহাড্ডি অ্যাসেম্বলি নির্বাচন।
Posted ৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3087 বার পঠিত)
(2540 বার পঠিত)